এবার আয়তনে বাড়ছে জোকা মেট্রো, যুক্ত হচ্ছে আরও নতুন দুটি স্টেশন, বড় সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের

কলকাতার পরিবহন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোরে এবার যুক্ত হচ্ছে আরও দুটি নতুন স্টেশন। এতদিন এই রুটে মেট্রো চলত মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত। এবার ইডেন গার্ডেন্স এবং আইআইএম জোকা স্টেশন যুক্ত হওয়ার ফলে মেট্রোর দৈর্ঘ্য বেড়ে দাঁড়াবে ১৮ কিলোমিটার।
নতুন স্টেশন ও সুবিধা
নতুন পরিকল্পনা অনুযায়ী, এসপ্ল্যানেডের পরিবর্তে ইডেন গার্ডেন্স পর্যন্ত চলবে মেট্রো। অন্যদিকে, জোকা স্টেশনের পরিবর্তে মেট্রো পৌঁছবে আইআইএম জোকা পর্যন্ত। ইডেন গার্ডেন্স স্টেশনটি তৈরি হবে প্রিন্সেপ ঘাট ও সার্কুলার রেল স্টেশনের সংলগ্ন এলাকায়।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এই নতুন সম্প্রসারণের ফলে দক্ষিণ শহরতলির নৈনান, বিষ্ণুপুরের মানুষ উপকৃত হবেন। পাশাপাশি, বাবুঘাট এবং কলকাতা হাই কোর্টের দিকের যাত্রীদের জন্যও এটি বড় সুবিধা আনবে।
বরাদ্দ ও নির্মাণ কাজ
মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই নতুন দুটি স্টেশন তৈরির জন্য অনুমোদন দিয়েছে। ১.৬ কিলোমিটার নতুন রুট নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ১০০০ কোটি টাকা। ইডেন গার্ডেন্সের এক নম্বর গেট, অর্থাৎ মোহনবাগান মাঠের কাছেই গড়ে উঠবে নতুন স্টেশন।
স্টেশন বিন্যাস
এই রুটে মোট ১৪টি স্টেশন থাকবে, যার মধ্যে ৯টি মাটির ওপরে এবং ৫টি স্টেশন মাটির নিচে থাকবে। আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলির মধ্যে থাকছে খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড এবং ইডেন গার্ডেন্স।
যাত্রীসংখ্যা বৃদ্ধি
বর্তমানে মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত পার্পল লাইনে মেট্রো চলাচল করে, যেখানে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম। তবে, ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হলে যাত্রীসংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। এখন ৫০ মিনিট অন্তর মেট্রো চললেও, নতুন সম্প্রসারণের ফলে এই ব্যবধান কমবে।
নতুন স্টেশন এবং বাড়তি সুবিধা নিয়ে কলকাতার পরিবহন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসছে, যা শহরবাসীর জন্য নিঃসন্দেহে সুখবর।