লিভ-ইনের পর গোপন বিয়ে, বিচ্ছেদ চেয়ে স্বামীর কাছে টাকা দাবি জনপ্রিয় অভিনেত্রীর

হঠাৎ করেই বলিউডে শোরগোল পড়ে গেছে এক অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের ঘটনাকে কেন্দ্র করে। টেলিভিশনের পর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করা অভিনেত্রী অদিতি শর্মা এখন সংবাদের শিরোনামে। তার ব্যক্তিগত জীবনের কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনে বিতর্কের জন্ম দিয়েছেন তার স্বামী অভিনেতা অভিনীত কৌশিক।

কী এমন করেছেন অদিতি শর্মা, যা নিয়ে বলিউডের অন্দরে এত প্রশ্ন? অভিনেতা অভিনীত কৌশিক সম্প্রতি সংবাদমাধ্যমের মাধ্যমে অদিতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, গত চার বছর ধরে তিনি ও অদিতি একসঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। এর মধ্যে দুই বছর পর থেকে অদিতি বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন। তবে একটি শর্তে—বিয়ের কথা গোপন রাখতে হবে। কারণ, প্রকাশ্যে এলে তার পেশাগত জীবনের ক্ষতি হতে পারে। স্ত্রীর কথা মেনে অভিনীত বিয়ের কথা গোপন রাখেন এবং গত বছর নভেম্বরে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে বিয়ে করেন তারা।

কিন্তু বিয়ের মাত্র চার মাসের মাথায় ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। অভিনীতের অভিযোগ, অদিতি তার ‘অপোল্লেনা’ ধারাবাহিকের সহ-অভিনেতা সমর্থ্য গুপ্তার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এই খবর বেশ কিছু দিন ধরে তার কানে আসছিল, কিন্তু প্রথমে তিনি বিষয়টি গুরুত্ব দেননি। পরে প্রমাণ পাওয়ার পর তিনি অদিতির সঙ্গে এ নিয়ে কথা বলেন। কিন্তু অদিতি তখন বিয়েকে অস্বীকার করে বিচ্ছেদের দাবি তোলেন। শুধু তাই নয়, তিনি স্বামীর কাছে ২৫ লক্ষ টাকা খোরপোশও দাবি করেন।

এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসার পর অদিতি দাবি করেছেন, এই বিয়ে আইনত বৈধ নয়। তবে অভিনীতের পাল্টা দাবি, সমস্ত রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল এবং তার কাছে বিয়ের ছবিও রয়েছে। তিনি ও তার আইনি উপদেষ্টা রাকেশ শেঠি জানিয়েছেন, অদিতির পরিবারও এই বিয়েতে সম্মতি দিয়েছিল। এই পরিস্থিতিতে নেটিজেনরা অভিনীতের পক্ষে সমর্থন জানাচ্ছেন। তাদের প্রশ্ন, বিয়ে যদি অবৈধই হয়, তাহলে অদিতি কেন ২৫ লক্ষ টাকা খোরপোশ দাবি করছেন?

এই ঘটনায় এখনও অদিতি শর্মার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে তার স্বামীর অভিযোগ ও প্রকাশিত তথ্য সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এই ঘটনাকে বলিউডের আরেকটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে দেখছেন। এই বিতর্কের পরিণতি কী হবে, তা জানতে অপেক্ষা করছে গোটা বি-টাউন।

সূত্র: আনন্দবাজার