ফেলুদা, ব্যোমকেশের পর এবার নতুন মহিলা গোয়েন্দা, কে এই ডিটেক্টিভ চারুলতা? জেনেনিন তার পরিচয়

বাঙালি দর্শকদের কাছে রহস্য আর গোয়েন্দা গল্প মানেই আলাদা উত্তেজনা। কাকাবাবু, ফেলুদা, ব্যোমকেশ কিংবা মিতিন মাসীর পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে এক নতুন নাম—প্রাইভেট ডিটেক্টিভ চারুলতা মিত্র। তবে তিনি একা নন, তাঁর পাশে রয়েছে খুড়তুতো ভাই তপু এবং নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যাডি। এই রহস্যের দুনিয়ায় চারুর বড় স্বপ্ন একদিন ফেলুদা বা শার্লকের মতো খ্যাতি অর্জন করা।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন খ্যাতনামা তন্ত্রবিদ শ্রীমতী পরমা সেন, যিনি নিজেই নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন এবং অবিশ্বাস্যভাবে সেটিই সত্যি হয়ে যায়! এরপর একের পর এক রহস্যময় মৃত্যু, কলকাতার বুকে এক সিরিয়াল কিলিংয়ের ঘটনা—যা রয়ে গিয়েছে লোকচক্ষুর অন্তরালে। চারু কি পারবে এই রহস্যভেদ করতে?
প্রাইভেট ডিটেক্টিভ চারুলতার চরিত্রে অভিনয় করছেন সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়। বরাবরই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন তিনি। এই চরিত্র সম্পর্কে সুরাঙ্গনা বলেন, “আমাদের গোয়েন্দা কল্পনার কেন্দ্রবিন্দুতে সাধারণত এক মধ্যবয়স্ক বুদ্ধিমান পুরুষ থাকেন, যিনি জটিল রহস্য সমাধান করেন। কিন্তু চারুলতা এই ধারণাকে বদলে দেবে। একজন তরুণী গোয়েন্দা কীভাবে রহস্যের সমাধান করতে পারে, সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে।”
সিরিজটি পরিচালনা করেছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “চারুর চরিত্রটি একেবারে নতুনত্ব আনবে। তপু ও ম্যাডির সম্পর্ক, তাঁদের মধ্যে রসায়ন দর্শকদের মন ছুঁয়ে যাবে। এছাড়াও, সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মল্লিকা মজুমদার, যিনি চারুর পরামর্শদাতা হিসেবে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন।”
ওটিটি প্ল্যাটফর্ম Klikk-এর ডিরেক্টর নিরাজ তান্তিয়া বলেন, “বিশ্বজুড়ে যখন নারী দিবস উদযাপিত হয়েছে, তখন আমরা উপস্থাপন করছি এক আত্মবিশ্বাসী ও ক্ষমতাবান নারী গোয়েন্দাকে। মধ্যবয়সী পুরুষ গোয়েন্দাদের আধিপত্যপূর্ণ জগতে ‘ডিটেকটিভ চারুলতা’ এক নতুন মাত্রা যোগ করবে।”
সিরিজটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে Klikk-এ। এখন দেখার, দর্শকদের মাঝে কতটা জনপ্রিয় হয়ে উঠতে পারে এই নতুন গোয়েন্দা চরিত্র চারুলতা মিত্র!