পর্দার প্রেম এবার বাস্তবে? সুস্মিতের সঙ্গে নাম জড়াতেই অকপট উষসী

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী উষসী রায়। তাঁর বিপরীতে রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায়, যিনি দীর্ঘ বিরতির পর ফের ধারাবাহিকে অভিনয় করছেন। তাঁদের এই নতুন জুটিকে পর্দায় বেশ পছন্দ করেছেন দর্শকরা, যার ফলে এখন চর্চা শুরু হয়েছে বাস্তবেও কি প্রেম করছেন এই দুই তারকা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে উষসী রায় এই গুঞ্জন নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন। টিভি ৯ বাংলার কাছে তিনি স্পষ্ট জানান, এই জল্পনার কোনো সত্যতা নেই।

উষসী বলেন,”শ্যুটিংয়ের পর এই প্রথমবারের জন্য আমরা একসঙ্গে বেরোলাম। আর তাতেই প্রেমের গুঞ্জন ছড়ালো!”

এরপর তিনি আরও যোগ করেন,”এর আগেও আমার নাম অনেকের সঙ্গে জড়ানো হয়েছে, যেটার কোনো ভিত্তি নেই। আমি বরাবর এই ধরনের গুজবের মুখোমুখি হয়েছি। এটা আমার জন্য নতুন কিছু নয়।”

শুধু উষসী নন, সুস্মিত মুখোপাধ্যায়ও এই প্রেমের গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তিনি জানান,”আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সময় দিই না, তাই এসব জল্পনা খুব একটা কানে আসে না।”

তাঁর মতে, দর্শকরা তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই পছন্দ করেছেন যে বাস্তবেও তাঁদের একসঙ্গে দেখতে চাইছেন।

প্রসঙ্গত, এর আগে নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গেও উষসীর নাম জড়িয়েছিল। তবে সেবারও অভিনেত্রী গুঞ্জন নাকচ করে দেন।

স্টার জলসার নতুন এই মেগা সিরিয়াল প্রতি রাত ৮:৩০টায় সম্প্রচারিত হয়। উষসী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায়ের অভিনয় ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। বাস্তবে তাঁদের প্রেমের গুঞ্জন থাকলেও, তাঁদের অনস্ক্রিন রসায়নই দর্শকদের মূল আকর্ষণ।