প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মাসে কত টাকা খোরপোষ দেন সামি? জানলে অবাক হবেন

ভারত সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয় করেছে, আর তার রেশ এখনও কাটেনি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। ২০১৩ সালের পর এই প্রথম ওডিআই ফরম্যাটে আইসিসি ট্রফি ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন মহম্মদ সামি। টুর্নামেন্টে ৯টি উইকেট নেওয়ার পাশাপাশি, এক ম্যাচে ৫ উইকেটের দুর্দান্ত স্পেল উপহার দেন তিনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট এনে দিয়ে ভারতকে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে দেন এই তারকা পেসার।
২০২৩ সালে ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের পরই চোটের কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন সামি। প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। কিছুদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে কামব্যাক করেন, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফরম্যান্স করেন।
যদিও মাঠে দুর্দান্ত ফর্মে থাকলেও, ব্যক্তিগত জীবনে সমস্যার মধ্যেই আছেন সামি। প্রাক্তন স্ত্রী হাসিন জাহান ফের আলোচনায় উঠে এসেছেন খোরপোষ মামলার কারণে।
২০১৭ সালে সামির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন হাসিন। তিনি আদালতে দাবি করেছিলেন, প্রতি মাসে ১০ লক্ষ টাকা খোরপোষ দিতে হবে সামিকে। যার মধ্যে ৭ লক্ষ টাকা নিজের জন্য এবং ৩ লক্ষ টাকা তাঁদের কন্যার জন্য।
২০২৩ সালে আদালত সামিকে নির্দেশ দিয়েছিল, তিনি প্রতি মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা খোরপোষ দেবেন। তবে এই সিদ্ধান্তে খুশি নন হাসিন। তাঁর দাবি, সামি বিসিসিআই-এর চুক্তি থেকে বছরে ৭ কোটি টাকা পান, তাই তাঁর পক্ষে ১০ লক্ষ টাকা খোরপোষ দেওয়া কোনও কঠিন কাজ নয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর সামির সামনে আরেকটি বড় মঞ্চ আইপিএল ২০২৫। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে নতুন মরসুম। প্রথম ম্যাচেই ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সামি কি আইপিএলের শুরু থেকেই খেলতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর, আইপিএলেও তিনি ছন্দ ধরে রাখতে পারেন কিনা, সেটাই দেখার।