রোহিত শর্মাকে নিয়ে অশান্তি TMC-র অন্দরেই, কুণালের পর সৌগত কে কটাক্ষ মদনের

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দলকে জয় এনে দেয়। ফাইনালে রোহিত শর্মা ‘ম্যান অফ দ্য ম্যাচ’ পুরস্কার পেয়েছেন। টিম ইন্ডিয়ার এই জয়ে সারা দেশজুড়ে উৎসাহের বন্যা বয়ে গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে পোস্ট করে দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

তবে, এই জয়ের আনন্দের মধ্যেই রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে রোহিত শর্মাকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন। ফাইনালে ভারতের জয়ের পর রোহিতের ব্যাটিংয়ের প্রশংসা করলেও সৌগত রায় রোহিতের অবসর নেওয়ার প্রসঙ্গ টেনে আবারও বিতর্ক তৈরি করেন। তিনি বলেন, “রোহিত শর্মার অবসর নিয়ে নেওয়া উচিত। আজকেও যেভাবে স্ট্যাম্প আউট হয়েছে, সেটা উচিত হয়নি। সবাই আশা করেছিল, ভালো খেলবে, সেঞ্চুরি করবে। সেটা হয়নি। ৭৬ রান করেছে। আজ ভালো খেলেছে।”

সৌগত রায়ের এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলেরই আরেক নেতা ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি সৌগত রায়কে ‘মূর্খের দল’ বলে আক্রমণ করেন। মদন মিত্র বলেন, “শিক্ষিত লোক যখন অশিক্ষিত, অসভ্য, অভদ্র, ইতরের মতো কথা বলে, তখন মানুষ কষ্ট পায়। সৌগতবাবু ঠিক কী বলতে চেয়েছেন, আমি বলতে পারব না। তবে আমি একসময় ক্রীড়ামন্ত্রী ছিলাম। খেলোয়াড়দের মনোবল বাড়াতে হয়। এই ধরনের কথা গোটা টিমের মনোবলে আঘাত করতে পারে। যিনি এ ধরনের কথা বলছেন, দীর্ঘদিন ধরে সংসদে রয়েছেন। এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। কাল যদি ঘটনাচক্রে রোহিত শর্মা খারাপ খেলত, তার অনেকটা দায়িত্ব সৌগত রায়কে নিতে হত।”

মদন মিত্র আরও যোগ করেন, “অনেকে মনে করেন রোহিত শর্মার সময় হয়ে এসেছে, তাকে বাদ দেওয়া উচিত। এমন লোকগুলো সম্পর্কে বেশি কিছু না বলাই ভালো। এরা মূর্খের দল! রোহিত শর্মা প্রমাণ করলেন যে তিনি ঠিক সময়ে জ্বলে উঠতে জানেন।” এ সময় মদন মিত্রকে মনে করিয়ে দেওয়া হয়, তাঁর দলেরই সাংসদ সৌগত রায় রোহিত শর্মা সম্পর্কে নানাবিধ কটূ মন্তব্য করেছেন। এর জবাবে মদন মিত্র বলেন, “উনি কী কারণে বলেছেন সেটা বলতে পারব না! হতে পারে, উনি নিজে খেলতেন কিনা, বা দায়িত্ব নিতেন, সেটা দেখতে হবে।”

এদিকে, ভারতের জয়ের পরেই নাম না করে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে কটাক্ষ করেছেন তৃণমূলেরই আর এক নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “এই সব খেলোয়াড়দের বিষয়ে মন্তব্য না করাই ভালো। এর অসাধু প্রভাব পড়তে পারে জনমানসে।”

রোহিত শর্মার ব্যাটিং এবং ভারতীয় দলের জয়ে সারা দেশ উচ্ছ্বসিত হলেও রাজনৈতিক মহলে এই বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে। ক্রিকেট এবং রাজনীতির এই মিশেল এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।