ইউটিউব দেখে ডায়েট চার্ট মেনে বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু তরুণীর

বর্তমানে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে অনেকটাই। সুস্থ থাকার জন্য ডায়েট ও শরীরচর্চার উপর জোর দেন বহু মানুষ। বিশেষ করে ওজন কমাতে মরিয়া হয়ে অনেকে নানা ডায়েট প্ল্যান অনুসরণ করেন। তবে কখনও কখনও এই অতি সচেতনতার মাশুল দিতে হয় ভয়ঙ্করভাবে।
কেরলের কুন্নুরের এক ১৮ বছরের তরুণী ইউটিউব দেখে ওজন কমানোর ডায়েট অনুসরণ করতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হলেন। জানা গেছে, গত ছয় মাস ধরে তিনি একটি কঠোর ডায়েট মেনে চলছিলেন, যেখানে প্রায় সমস্ত খাবার এড়িয়ে শুধু জল পান করতেন। এই চরম ডায়েটের ফলে তাঁর শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে এবং তিনি অ্যানোরেক্সিয়া নারভোসা নামে এক বিরল রোগে আক্রান্ত হন।
পরিস্থিতির অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় এই তরুণীকে।
কী এই অ্যানোরেক্সিয়া নারভোসা?
অ্যানোরেক্সিয়া নারভোসা একটি বিরল খাদ্যজনিত ব্যাধি, যেখানে রোগীরা খাবারের প্রতি আসক্তি হারিয়ে ফেলেন এবং খিদে অনুভব করার ক্ষমতা কমে যায়। চিকিৎসকদের মতে, এটি কেবলমাত্র শারীরিক অসুস্থতা নয়, মানসিক স্বাস্থ্যের উপরও মারাত্মক প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ডায়েট ও ওজন কমানোর বিষয়ে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দেখে সিদ্ধান্ত না নিয়ে, পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই নিরাপদ। নাহলে সুস্বাস্থ্যের বদলে জীবনযাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।