ঘুষ না দেওয়ায় ভ্যানচালককে ধরে মার? ৩ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে থানায় মামলা

ঘুষ না দেওয়ায় এক ভ্যান চালককে টেনে-হিঁচড়ে ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা পয়েন্টে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়াররা হরিশ্চন্দ্রপুর থানায় কর্মরত। এই ঘটনায় ভুক্তভোগী ভ্যান চালক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামের বাসিন্দা রুহুল আমীন বৃহস্পতিবার বিকেলে তাঁর ভ্যানে করে ব্যবসায়ীদের গোরু ডালখোলা হাট থেকে নিয়ে ফিরছিলেন। পথে ভেলা বাড়ি নাকা পয়েন্টে তিন সিভিক ভলান্টিয়ার তাঁর গাড়ি আটকে ১ হাজার টাকা ঘুষ দাবি করেন। রুহুল টাকা দেওয়ার কারণ জানতে চাইলে সিভিকরা কোনও সদুত্তর দেননি। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় ওই ভ্যান চালককে জোর করে একটি ঘরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে, এই ভিডিয়োর সত্যতা এখনও যাচাই করা হয়নি।

মারধরের ফলে রুহুল আমীন গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি ছাড়া পান এবং পরে হরিশ্চন্দ্রপুর থানায় গিয়ে তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এই ঘটনা প্রসঙ্গে চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন, “পুলিশে অভিযোগ জমা পড়েছে। ওই চেকিং পয়েন্টে সিসিটিভি ফুটেজ লাগানো রয়েছে, তা খতিয়ে দেখা হবে। কাউকে মারধর করা সম্পূর্ণ অন্যায়। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হবে। যদি টাকা চাওয়ার অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তবে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।”

এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নাকা পয়েন্টে এ ধরনের ঘটনা নতুন নয়। তদন্তের ফলাফলের দিকে এখন সবার নজর রয়েছে।