ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও! দিশেহারা চিকিৎসক শর্মিষ্ঠা গোস্বামী

হুগলির শ্রীরামপুরের চিকিৎসক শর্মিষ্ঠা গোস্বামী এক চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। তাঁর বৈদ্যবাটির বেসরকারি ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্ট থেকে একের পর এক টাকা উধাও হয়ে যাচ্ছে, অথচ তিনি কোনও লেনদেনই করেননি! প্রথমে কয়েক হাজার টাকা গায়েব হলেও, পরে তা পৌঁছেছে লক্ষাধিক টাকায়।

এই ঘটনার জেরে কার্যত মাথায় হাত পড়েছে চিকিৎসকের। মেয়ের স্কুলের ভর্তি ফি থেকে শুরু করে মাসিক খরচ— সব কিছুই এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, এবার একাদশ শ্রেণিতে ভর্তি করানোর জন্য তিন লক্ষ টাকা জমিয়ে রেখেছিলেন, কিন্তু সেই টাকা-ও উধাও! শুধু তাই নয়, তাঁর অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও লক্ষাধিক টাকা গায়েব হয়ে গিয়েছে।

চিকিৎসক শর্মিষ্ঠার দাবি, প্রতি মাসে বৈদ্যবাটির ফ্ল্যাটের ইএমআই বাবদ ১০ হাজার টাকা দিতে হয়। এর পাশাপাশি, এলআইসি, মেডিক্লেম ও সংসারের অন্যান্য খরচও রয়েছে। কিন্তু এখন অ্যাকাউন্টে টাকা না থাকায় কীভাবে সামলাবেন, তা ভেবেই পাচ্ছেন না তিনি।

এর আগে, অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় তাঁকে নতুন অ্যাকাউন্ট খোলার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই পরামর্শ মেনে নতুন অ্যাকাউন্ট খোলার পরও একই ঘটনা ঘটল!

বৃহস্পতিবার, ব্যাঙ্কে গিয়ে এই বিষয়ে অভিযোগ জানানোর পর, শর্মিষ্ঠা এতটাই মানসিক চাপে ভেঙে পড়েন যে ব্যাঙ্কেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে চাঁপসরা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

চিকিৎসকের অভিযোগ, কোনও ইউপিআই লেনদেন না করলেও তাঁর অ্যাকাউন্ট থেকে একের পর এক টাকা গায়েব হচ্ছে। এই ঘটনার পর তিনি ন্যাশনাল সাইবার হেল্পলাইনে ফোন করার পাশাপাশি এনসিআরপি ও চন্দননগর সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তাঁর সমস্যার কোনও সমাধান মেলেনি।

এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও সাইবার সেল। তবে সাধারণ মানুষকেও অনলাইনে লেনদেনের বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।