“ও খুব কাছের, আমার গুবলু-পাগলটা”-সৃজিত-ঋতাভরীর সম্পর্কে নতুন মোড়, মুখ খুললেন অভিনেত্রী

কলকাতার প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে। তবে মিথিলার সঙ্গে সংসার শুরুর আগে সৃজিতের একাধিক প্রেমের সম্পর্ক ছিল, যার মধ্যে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল সবার জানা। সম্প্রতি সৃজিত ও ঋতাভরীর একসঙ্গে ছবি এবং অভিনেত্রীর ২০২৫ সালের ক্যালেন্ডার লঞ্চে সৃজিতের উপস্থিতি নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। এবার এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন ঋতাভরী।
সৃজিত-ঋতাভরীর সম্পর্ক: প্রেম না বন্ধুত্ব?
মিথিলাকে বিয়ের আগে সৃজিত ও ঋতাভরীর সম্পর্ক ছিল একপ্রকার ‘ওপেন সিক্রেট’। তবে বিয়ের পর ঋতাভরীর সঙ্গে সৃজিতের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। সম্প্রতি আচমকা তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় পুরনো প্রশ্ন আবার মাথাচাড়া দিয়েছে। এই প্রসঙ্গে ঋতাভরী সংবাদমাধ্যমকে বলেন, “আমি এই নিয়ে কখনো কথা বলিনি। ও (সৃজিত) যা ইচ্ছে বলুক। ও একটা পাগল! আমার কাছে ও এরকমই। আমরা খুব কাছের ছিলাম। ৭-৮ বছর কথা বলিনি। এখন আবার আমরা একসঙ্গে বন্ধুত্বটা উপভোগ করছি।”
ঋতাভরী আরও বলেন, “আমি এটা নিয়ে কখনো স্বচ্ছন্দ বোধ করিনি। সৃজিত এত বড় পাবলিক ফিগার। কেউ ওর ভক্ত, কেউ ওকে সহ্য করতে পারে না। কেউ ওর ওপর এত রেগে যে মি টু-এর অভিযোগ ঘষে দিতে চায়, আবার কেউ বলে সৃজিতের মতো মানুষ হয় না। আমি সব শুনি। আমার কাছে ও হচ্ছে গুবলু।”
সম্পর্ক ভাঙার দায় নিলেন ঋতাভরী
সৃজিতের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার জন্য নিজেকেই দায়ী করেছেন ঋতাভরী। তিনি বলেন, “আমি ওর হৃদয় ভেঙেছি। এটা নিয়ে আমি গর্ব করব না। আমি যা করেছি, সেটা ভুল ছিল। অনেক বছর ধরে ভেবেছি ও আমাকে ঘৃণা করে। বিস্তারে বলব না, শুধু বলব, আমার ভুল ছিল।”
সৃজিত-মিথিলার সংসারে ঋতাভরীর প্রভাব?
মিথিলাকে বিয়ের পর সৃজিতের জীবনে ঋতাভরীর অধ্যায় বন্ধ হয়ে গিয়েছিল বলে মনে করা হয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁদের পুনর্মিলন এবং ঋতাভরীর ক্যালেন্ডার লঞ্চে সৃজিতের উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে। তবে ঋতাভরী স্পষ্ট করেছেন, তাঁদের এখনকার সম্পর্ক শুধুই বন্ধুত্বের।
জল্পনার মধ্যে নীরব সৃজিত-মিথিলা
এই বিষয়ে সৃজিত বা মিথিলার তরফে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে সৃজিতের অতীত ও বর্তমানের এই রসায়ন সিনেমা জগতের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। ঋতাভরীর স্বীকারোক্তি এবং তাঁদের পুনর্মিলন কীভাবে সৃজিত-মিথিলার সম্পর্কের ওপর প্রভাব ফেলে, সেদিকে নজর রাখছে সবাই।