বিদেশ সফরে হামলার মুখে এস জয়শঙ্কর! চ্যাথাম হাউসের সামনে খলিস্তানিপন্থীদের আক্রমণ, ছেঁড়া হল তেরঙ্গা

বিদেশ সফরে গিয়ে হামলার মুখে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চ্যাথাম হাউসে আলোচনার পর গাড়িতে ওঠার সময় আচমকাই এক ব্যক্তি তাঁর গাড়ির সামনে চলে আসেন এবং পুলিশের উপস্থিতিতেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা আন্তর্জাতিক পরিসরে আলোচনার সৃষ্টি করে।
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, হামলার পেছনে খলিস্তানপন্থীদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাতে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চ্যাথাম হাউসে একটি আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। আলোচনার পর যখন তিনি চ্যাথাম হাউস থেকে বেরিয়ে আসছিলেন, তখন খলিস্তানপন্থী সমর্থকরা ভারত বিরোধী স্লোগান দিতে দিতে রাস্তার পাশে জমা হন। পুলিশের সামনেই তারা ভারত বিরোধী স্লোগান দিতে থাকে।
কিছু সময় পর, এক হামলাকারী হঠাৎ করেই জয়শঙ্করের কনভয়ের সামনে চলে আসেন এবং ভারতের ত্রিরঙ্গা পতাকা ছিঁড়ে ফেলেন। এ সময় আরও কয়েকজন খলিস্তানপন্থী স্লোগান দিতে শুরু করেন। প্রথমে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও দ্রুত পদক্ষেপ নিয়ে হামলাকারীকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চ্যাথাম হাউসের বাইরে খলিস্তানপন্থী সমর্থকরা খলিস্তানি পতাকা উড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এটি ভিভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর গাফিলতি। প্রাথমিক তদন্তে, হামলার পেছনে খলিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পন্নুনের নেতৃত্বাধীন ‘শিখস ফর জাস্টিস’ (SFJ) সংগঠনের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। SFJ সদস্যরাই এর আগে ব্রিটেনে ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীর ওপর হামলা চালিয়েছিল।
এই ঘটনার পর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়র স্টার্মারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে ভারত-ব্রিটেন সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, ইউক্রেন পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।