দুই জায়গায় ভোটার তালিকায় তৃণমূল নেত্রী শেফালি খাতুনের নাম! নেত্রীর দাবি—‘জানতাম না’

তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার খুঁজে বের করার জন্য ব্যাপক কর্মসূচি শুরু করেছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতা-মন্ত্রীরা রাস্তায় নেমে ভোটার তালিকা যাচাই করছেন। কিন্তু এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এল—তৃণমূলেরই এক নেত্রীর নাম দুটি ভিন্ন বিধানসভার ভোটার তালিকায়! নদিয়ার নাকাশিপাড়া এবং কালীগঞ্জ বিধানসভার তালিকায় জ্বলজ্বল করছে শেফালি খাতুনের নাম।
শেফালি খাতুন শুধু তৃণমূল নেত্রীই নন, তিনি কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতিও। তাঁর নাম কীভাবে দুটি ভিন্ন বিধানসভার তালিকায় এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শেফালির শ্বশুরবাড়ি নাকাশিপাড়ার পালিতবেঘিয়া গ্রামে, পরে তিনি কালীগঞ্জের দেবগ্রামে বসবাস শুরু করেন। তিনি জানান, ভোটার কার্ড বদল করলেও পুরোনো তালিকা থেকে নাম বাদ যায়নি। তিনি দাবি করেন, “আমি জানতাম না আমার নাম দু’জায়গায় রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি viral হওয়ার পরই আমি নির্বাচন কমিশনে আবেদন করেছি নাম বাদ দেওয়ার জন্য।”
এই ঘটনায় বিরোধী দলগুলি তৃণমূলকে আক্রমণ করেছে। বিজেপি নেতা জগন্নাথ সরকার বলেন, “তৃণমূল ভুয়ো ভোটার তৈরি করে। একজন নেত্রীর নাম দু’জায়গায় থাকা প্রশাসনের ব্যর্থতা।” এদিকে, TV9 বাংলায় খবরটি প্রচারের পর নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে শেফালির নাম নাকাশিপাড়ার তালিকা থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে এই ঘটনা ভুয়ো ভোটার বিতর্ককে আরও উসকে দিয়েছে।