নিজের পাড়ায় কুকুরও রাজা, বাইরে বেরোলে আসল চেহারা দেখবে”–কড়া ভাষায় আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের বামপন্থী ছাত্রদের ‘কুকুরের’ সঙ্গে তুলনা করে তিনি বলেন, “নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়, বাইরে বেরিয়ে এসো, দেখে নেব।”
শনিবার যাদবপুরে ওয়েবকুপার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখান বাম ছাত্ররা। অভিযোগ, তাঁর গাড়িতে হামলা চালানো হয়। সেই প্রসঙ্গেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বামপন্থী ছাত্রদের কড়া ভাষায় আক্রমণ করেন।
তিনি অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ও অতিবাম ছাত্ররা দীর্ঘদিন ধরে গুণ্ডামি করছে। অতীতে র্যাগিংয়ের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। সিপিএম নেতা মহম্মদ সেলিমকে ‘গুন্ডা দলের লোক’ বলেও আক্রমণ শানান তিনি।
তৃণমূল সাংসদের দাবি, “আমরা শান্তির দল, অসভ্যতার রাজনীতি করি না। কিন্তু মনে রাখবেন, যদি আমাদের উপর হামলা করেন, তাহলে আপনাদের মিছিল-মিটিংও চলতে দেবে না বাংলার জনতা।”
কল্যাণের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। সিপিএম পাল্টা অভিযোগ তুলেছে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ গণতান্ত্রিক অধিকার, তৃণমূল নেতৃত্ব অগণতান্ত্রিক পথে হুমকি দিচ্ছে।