কমবে ইন্টারনেটের খরচ? দাম নিয়ন্ত্রণ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টের

ভারতে ইন্টারনেটের মূল্য নিয়ন্ত্রণের দাবি সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দেয়, এটি মুক্ত বাজার ব্যবস্থা, যেখানে গ্রাহকদের কাছে একাধিক বিকল্প রয়েছে। ফলে কেন্দ্রকে ইন্টারনেটের দাম নির্ধারণে নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই।
বাজারে একচেটিয়া আধিপত্যের অভিযোগ, কিন্তু…
আবেদনকারী রজত দাবি করেছিলেন, বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করছে কিছু বেসরকারি টেলিকম সংস্থা, বিশেষ করে জিও। তাঁর অভিযোগ ছিল, টেলিকম কোম্পানিগুলো ইচ্ছামতো ইন্টারনেটের দাম নির্ধারণ করছে, যা সাধারণ মানুষের জন্য সমস্যার সৃষ্টি করছে। তাই সরকার যেন ইন্টারনেটের মূল্য নিয়ন্ত্রণ করে, সেই নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন জানান তিনি।
কিন্তু সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, এটি একটি মুক্ত বাজার ব্যবস্থা, যেখানে গ্রাহকদের বিভিন্ন বিকল্প রয়েছে। প্রধান বিচারপতি খান্না বলেন,
“আপনি ল্যান পরিষেবা ব্যবহার করতে পারেন, তারযুক্ত ইন্টারনেটের বিকল্প রয়েছে, বিএসএনএল ও এমটিএনএলও পরিষেবা দিচ্ছে।”
তিনি আরও বলেন,”যদি একচেটিয়া বাজার নিয়ে অভিযোগ থাকে, তাহলে সেই বিষয়ে ভারতের প্রতিযোগিতা কমিশনের (CCI) কাছে যাওয়া উচিত।”
আবেদন খারিজ, তবে আইনি বিকল্প খোলা থাকছে শীর্ষ আদালত সংবিধানের ৩২ অনুচ্ছেদের আওতায় এই মামলা গ্রহণে আগ্রহ দেখায়নি এবং তা খারিজ করে দেয়। তবে আবেদনকারী চাইলে আইনি প্রতিকার নিতে পারেন, সেই পথ খোলা রেখেছে আদালত।
সুপ্রিম কোর্টের রায়ের পর এখন দেখার, এই বিষয়ে আবেদনকারী প্রতিযোগিতা কমিশনের (CCI) দ্বারস্থ হন কি না।