স্টেডিয়ামে ভারতের পতাকা, কলার ধরে বার করা হল দর্শককে! ভাইরাল ভিডিও

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই পাকিস্তানের স্টেডিয়ামগুলিতে ভারতের জাতীয় পতাকা না থাকা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। সেই বিতর্ক এখনো পুরোপুরি না মেটার আগেই নতুন আরেকটি বিতর্কে জড়িয়ে পড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এবারও বিতর্কের কেন্দ্রবিন্দু ভারতের জাতীয় পতাকা।

সম্প্রতি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এক দর্শক ভারতের পতাকা হাতে নিয়ে খেলা দেখতে ঢোকায় তীব্র প্রতিক্রিয়া দেখায় স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষীরা। অফিসাররা ওই ব্যক্তির কলার ধরে টেনে তোলেন এবং তাঁর হাত থেকে ভারতের পতাকা কেড়ে নেন। শুধু তাই নয়, তাকে রীতিমতো হেনস্থা করে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়।

এই ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটি সত্যতা যাচাই করা সম্ভব না হলেও, সূত্রের খবর অনুযায়ী, লাহোরে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে।

এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দর্শকের পরিচয় এবং জাতীয়তা সম্পর্কে কিছু জানা যায়নি। কেন তাকে স্টেডিয়াম থেকে বের করা হলো, সে সম্পর্কেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড বা আয়োজক কমিটি।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ক্রীড়াক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ কি প্রয়োজনীয়? পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত কতটা ন্যায়সংগত, তা নিয়েও উঠছে প্রশ্ন।