ফেব্রুয়ারিতেই কুপোকাত! রাতে একটু স্বস্তি মিললেও, সকাল হতেই অস্বস্তি, জারি তাপপ্রবাহের সতর্কতা

চলছে ফেব্রুয়ারি মাস । গরম এখনও পুরোদমে হানা দেয়নি, কিন্তু তাপমাত্রা যেন ইতিমধ্যেই উর্ধ্বমুখী। বসন্তের মাঝেই সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। বাস-ট্রেনের ভিড়ে ধাক্কাধাক্কির মধ্যে এই অস্বস্তি যেন আরও বেড়ে তিনগুণ হয়ে যাচ্ছে, এমনটাই বলছেন অনেকে।
গত বছর ভারত, বিশেষ করে কলকাতা, অভূতপূর্ব গরমের সাক্ষী থেকেছে। শহরটি গতবার তাপমাত্রার সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এখনও রাজ্যে বৃষ্টির ছিটেফোঁটা থাকলেও, গরম ক্রমশ বাড়ছে। রাতে একটু স্বস্তি মিললেও, সকাল হতেই অস্বস্তি চরমে পৌঁছে যাচ্ছে—এ যেন আবহাওয়ার নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, কলকাতার এই তাপদাহের মধ্যে আরব সাগরের তীরে অবস্থিত বাণিজ্য নগরী মুম্বইও বিপাকে। আজ এবং আগামীকাল মুম্বই, থানে-সহ একাধিক এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার সকালেই তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। দিন গড়ালে তা ৩৭ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে বলে পূর্বাভাস।
একই রকম পরিস্থিতি ভারতের প্রযুক্তি কেন্দ্র বেঙ্গালুরুতেও। যানজট আর ক্রমবর্ধমান দূষণের সঙ্গে এখন যোগ হয়েছে গরম। একসময় নাতিশীতোষ্ণ জলবায়ুর জন্য বিখ্যাত বেঙ্গালুরু এখন বাস করার জন্য ক্রমশ কঠিন হয়ে উঠছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, শহরটিতে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। শুধু তাই নয়, গত দুই দশকের মধ্যে এটিই বেঙ্গালুরুর সবচেয়ে গরম ফেব্রুয়ারি হতে চলেছে।