বিধানসভায় অভিনব প্রতিবাদ, সারা রাত মেঝেতেই বালিশ-বিছানা পেতে থেকে গেলেন বিধায়করা

দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভায় বিক্ষোভের নানান চিত্র দেখা গিয়েছে—কোথাও ভাঙচুর, কোথাও বিধায়কদের উত্তেজিত প্রতিক্রিয়া। তবে রাজস্থান বিধানসভায় এবার দেখা গেল এক অভিনব দৃশ্য। সাসপেন্ড হওয়ার পর প্রতিবাদে সারা রাত অধিবেশন কক্ষেই বসে রইলেন কংগ্রেসের বিধায়করা। সেখানে বিছানা-বালিশ পর্যন্ত পাতা হয়, যেন রীতিমতো রাত্রিযাপন করার প্রস্তুতি!

শুক্রবার বাজেট অধিবেশন চলাকালীন তীব্র উত্তেজনার সৃষ্টি হয় বিধানসভায়। এর মধ্যেই বিরোধী দল কংগ্রেসের ছয় বিধায়ককে সাসপেন্ড করা হয়, ফলে তারা অধিবেশনের বাকি অংশে অংশগ্রহণ করতে পারবেন না। সাসপেন্ড হওয়া বিধায়কদের মধ্যে রয়েছেন রাজস্থান কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারা, উপ বিরোধী দলনেতা রামকেশ মীনা, জাকির হুসেন গেসাওয়াট, হাকিম আলি এবং সঞ্জয় কুমার যাদব।

প্রথমে তাঁরা অধিবেশন কক্ষে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। সময় গড়ানোর পরও সেখান থেকে না সরে রাতভর অবস্থান চালিয়ে যান। পরে দেখা যায়, তাঁরা সেখানেই বিছানা পেতে শুয়ে পড়েছেন।

এই উত্তেজনার সূত্রপাত হয় শুক্রবার, যখন প্রশ্নোত্তর পর্ব চলাকালীন রাজ্যের এক মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। কর্মরত মহিলাদের হস্টেল সংক্রান্ত একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী অবিনাশ গেহলট বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করেন বলে অভিযোগ ওঠে। তিনি বলেন, “২০২৩-২৪ বাজেটেও আপনারা আপনাদের দাদি ইন্দিরা গান্ধীর নামে স্কিমের নামকরণ করেছিলেন।” এই মন্তব্যে বেজায় চটে যান কংগ্রেস বিধায়করা এবং বিধানসভায় স্লোগান দিতে শুরু করেন।

এই পরিস্থিতিতে তিনবার বিধানসভার অধিবেশন স্থগিত করতে হয়। শাসক দল দাবি করে, মন্ত্রীর বক্তব্যে কোনও ভুল নেই, তবে কংগ্রেসের অভিযোগ—এটি আসলে শাসক দলের অপকর্ম ঢাকার কৌশল, তাই তাঁদের বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে। এর প্রতিবাদেই রাতভর বিধানসভাতেই অবস্থান চালিয়ে যান কংগ্রেস বিধায়করা, যা রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।