BigNews: নয়া করোনাভাইরাসের মিললো খোঁজ, ছড়াবে বাদুড় থেকে, জেনেনিন কতটা বিপজ্জনক?

করোনাভাইরাসের প্রকোপে কার্যত থমকে গিয়েছিল গোটা বিশ্ব। বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। তবে অতিমারির সেই দুঃসময় পেরিয়ে মানুষ স্বাভাবিক জীবনে ফিরেছে। কিন্তু নতুন বছরের শুরুতেই ফের নতুন এক করোনাভাইরাসের সন্ধান মিলেছে বলে দাবি করেছেন চিনা গবেষকরা। আর এই খবর ঘিরেই উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে।

নতুন এই ভাইরাস নিয়ে গবেষণা করেছেন চিনের বিশিষ্ট ভাইরোলজিস্ট শি জেংলি, যিনি ‘ব্যাট উওমেন’ নামে পরিচিত। তাঁর গবেষণাপত্র সেল সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত হয়েছে।

চিনা গবেষকদের মতে, তাঁরা নতুন এক ‘ব্যাট করোনাভাইরাস’-এর সন্ধান পেয়েছেন, যার নাম HKU5-CoV-2। এটি বাদুড় থেকে ছড়াতে পারে এবং সম্ভাব্যভাবে মানবদেহেও সংক্রমণ ঘটাতে পারে।

এই ভাইরাস চিনের বাদুড়ের শরীরে পাওয়া গিয়েছে এবং সেখান থেকে এটি মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। যদিও এ নিয়ে এখনও বিশদ গবেষণা চলছে। বিজ্ঞানীদের মতে, প্রকৃতিতে বহু ধরনের করোনাভাইরাস রয়েছে, তবে তার মধ্যে মাত্র কয়েকটিই মানুষের শরীরে সংক্রমণ ঘটানোর ক্ষমতা রাখে।

এই ভাইরাস কি বিপজ্জনক?

চিনা গবেষকরা জানিয়েছেন, HKU5-CoV-2 ভাইরাসটি SARS-CoV-2-এর মতো মানবদেহের কোষে সহজে প্রবেশ করতে পারে না। তাই এটি ঠিক কতটা বিপজ্জনক হবে, তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের শেষে চিনেই প্রথম করোনাভাইরাস সংক্রমণের খবর প্রকাশ্যে আসে। ২০২০ সালের শুরু থেকে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং ভারত-সহ বিভিন্ন দেশে লকডাউন জারি হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে বিপুল প্রাণহানি ঘটে। সেই দুঃসময় কাটিয়ে মানুষ স্বাভাবিক জীবনে ফিরলেও নতুন করোনাভাইরাসের সন্ধান মেলায় ফের উদ্বেগের সৃষ্টি হয়েছে।