চলন্ত স্কুটির ভিতর থেকে বেরিয়ে এল আস্ত সাপ! দেখেই আত্মারাম খাঁচা ছাড়া মালিকের, অতঃপর….

সকালে অফিস যাওয়ার তাড়াহুড়ো, স্কুটি স্টার্ট করেছেন মাত্র— এমন সময় চোখের সামনে স্কুটির ভেতর থেকে বেরিয়ে এল একটা সাপ! শুনলেই শিউরে ওঠার মতো ঘটনা, আর সেটাই বাস্তবে ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাদাপা জেলার ভেম্পাল্লিতে।

স্থানীয় বাসিন্দা শিবকেশব রেড্ডি প্রতিদিনের মতোই সকালে স্কুটি নিয়ে বেরিয়েছিলেন। গন্তব্য ছিল রাজীব নগর কলোনি। কিছুদূর যেতেই হঠাৎ স্কুটির সামনের অংশ থেকে কিছু একটা বেরিয়ে আসতে দেখেন। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি, কিন্তু ভালো করে তাকাতেই দেখতে পান, স্কুটির ভিতর থেকে বেরিয়ে আসছে একটি সাপ!

ঘটনাটি বুঝেই ভয় পেয়ে যান তিনি। আতঙ্কে সঙ্গে সঙ্গে স্কুটি থামিয়ে চিৎকার করতে শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় কাছের একটি গ্যারাজে, দ্রুত সেখানে পৌঁছে যান একজন বাইক মিস্ত্রি।

প্রথমে বাইক মিস্ত্রিরা স্বাভাবিকভাবেই সাপটিকে বের করার চেষ্টা করেন। কিন্তু সাপটি স্কুটির পাইপের মধ্যে ঢুকে বসেছিল, ফলে সহজে বের করা সম্ভব হয়নি। শেষমেশ স্কুটির বিভিন্ন অংশ খুলে ফেলার সিদ্ধান্ত নেন তাঁরা।এমন ঘটনায় আতঙ্ক ছড়ালেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি। তবে এই ঘটনা প্রত্যেক বাইক ও স্কুটি চালকের জন্য সতর্কবার্তা— গাড়ি চালু করার আগে একবার দেখে নেওয়াই ভালো!