বিশেষ: মহা শিবরাত্রিতে শুধু উপোস করলেই হবে না, শিখেনিন শিবপুজোর সঠিক পদ্ধতি কী?

হিন্দু ধর্মে মহাশিবরাত্রি এক বিশেষ তিথি, যেদিন ভগবান শিবের উপাসনা করা হয়। মহাদেবের ভক্তরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই দিনটি পালন করেন। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহোৎসব উদযাপিত হয়। ২০২৫ সালে মহাশিবরাত্রি পড়েছে ২৬ ফেব্রুয়ারি। এই দিনে মহাদেবের আশীর্বাদ লাভের জন্য যথাযথ নিয়মে পুজো করা হয়।
মহাশিবরাত্রির গুরুত্ব
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাশিবরাত্রি হল শিব ও পার্বতীর পবিত্র মিলন তিথি। এই দিনে উপবাস ও শিবপূজা করলে পাপের মুক্তি ঘটে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। যারা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করেন, তারা মোক্ষলাভের সৌভাগ্য অর্জন করেন।
পুজোর সময় ও বিধি
মহাশিবরাত্রির পুজা সাধারণত চার প্রহরে বিভক্ত হয়। রাতে চার ভাগে (প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রহর) শিবলিঙ্গে জল, দুধ, মধু, দই, ঘি, চন্দন ও গঙ্গাজল নিবেদন করা হয়।
শিবরাত্রির পূজার সঠিক পদ্ধতি
১. স্নান ও উপবাস: সকালে পবিত্র স্নান করে পরিষ্কার পোশাক পরুন এবং উপবাসের সংকল্প নিন।
২. শিবলিঙ্গে অভিষেক: শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, মধু, দই ও ঘি নিবেদন করুন।
৩. বেলপাতা ও ধুতুরা ফুল নিবেদন: শিবপূজায় বেলপাতা অত্যন্ত শুভ। তবে বেলপাতার পিছনের অংশ যেন শিবলিঙ্গে না লাগে, তা খেয়াল রাখতে হবে।
৪. ধূপ, দীপ ও নৈবেদ্য নিবেদন: ধূপ-দীপ জ্বালিয়ে প্রসাদ নিবেদন করুন। ফল, মিষ্টি ও পাঁচ রকমের শস্য অর্পণ করতে পারেন।
৫. শিব মন্ত্র জপ: “ওঁ নমঃ শিবায়” বা “মহামৃত্যুঞ্জয় মন্ত্র” উচ্চারণ করুন।
৬. শিবচতুর্দশীর রাত্রি জাগরণ: শিবরাত্রির রাতে জেগে শিবচর্চা করলে বিশেষ আশীর্বাদ লাভ হয়।
৭. পরদিন ব্রত সমাপন: পরদিন সকালে ব্রত সম্পন্ন করে দান-ধর্ম করা শুভ বলে মনে করা হয়।
উপবাসের নিয়ম
এই দিনে ফলাহার করা যেতে পারে, তবে সম্পূর্ণ উপবাসই সর্বোত্তম বলে ধরা হয়। কেউ কেউ দুধ, ফল ও পানীয় গ্রহণ করেন। যাদের গ্যাস, ডায়াবেটিস বা রক্তচাপের সমস্যা আছে, তারা শরীরের অবস্থা বুঝেই উপবাস করুন।
মহাশিবরাত্রি শুধু উপবাস ও পূজার দিন নয়, এটি আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যারা নিষ্ঠার সঙ্গে মহাদেবের আরাধনা করেন, তাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। এবছর ২৬ ফেব্রুয়ারি মহাদেবের কৃপা লাভের জন্য যথাযথ নিয়ম মেনে শিবরাত্রি পালন করুন।