“ট্রেনে মহিলাকে সিট ছেড়ে দিয়েও চড় খেয়েছিলেন শাহরুখ!”-জেনেনিন পুরো ঘটনা

বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে জানেন কি, কেরিয়ারের শুরুর দিকে এক অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তিনি? মুম্বাই আসার পথে এক নারী শাহরুখকে চড় মেরেছিলেন! অবিশ্বাস্য শোনালেও এ ঘটনা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শাহরুখ।

ঘটনাটি ঘটে তখন, যখন শাহরুখ দিল্লি থেকে প্রথমবার মুম্বাই আসছিলেন নিজের স্বপ্নের পেছনে ছুটতে। ‘জিরো’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে তিনি সেই স্মৃতি তুলে ধরেন।

শাহরুখ জানান, দিল্লি থেকে ট্রেনে মুম্বাই আসার সময় নিয়ম মেনেই টিকিট কেটেছিলেন তিনি। ট্রেনে উঠে নিজের নির্দিষ্ট আসনে বসেন। যাত্রাপথে কেউ কিছুক্ষণের জন্য বসতে চাইলে শাহরুখ তাদের জায়গা দিয়েছিলেন, তবে নিজের আসন নিয়ে ছিলেন সচেতন।

কিন্তু ট্রেন মুম্বাইতে ঢুকতেই ঘটে বিপত্তি।

হঠাৎ কয়েকজন যাত্রী তার আসনে বসতে চান। কিং খান বাধ্য হয়ে জানান, এটি তার নির্দিষ্ট আসন। বেশ কয়েকজন কিছু না বলে চলে যান। কিন্তু পরে এক নারী এসে সেখানে বসতে চান। নারী দেখে শাহরুখ বিনা আপত্তিতে নিজের আসন ছেড়ে দেন। তবে তার সঙ্গে থাকা পুরুষটিকে বসতে দিতে রাজি হননি তিনি।

আর এতেই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা!

শাহরুখের কথায়, “আমি বলেছিলাম, আপনি বসতে পারেন, কিন্তু উনি (পুরুষ সহযাত্রী) বসতে পারবেন না। তখনই হঠাৎ সেই মহিলা আমাকে গালে চড় মেরে বসলেন!”

হতভম্ব হয়ে যান কিং খান! পরে সহযাত্রীরা জানান, মুম্বাই স্টেশনে ঢোকার পর ট্রেনটি লোকাল ট্রেনে পরিণত হয়, যেখানে আসন সংরক্ষণের নিয়ম আর কার্যকর থাকে না। ফাঁকা আসনে যে কেউ বসতে পারেন।

শাহরুখ নিজের ভুল বুঝতে পেরে অবাক হয়েছিলেন, কিন্তু এ ঘটনাকে মজার অভিজ্ঞতা হিসেবেই দেখেন তিনি। বলিউডের সুপারস্টার হওয়া সত্ত্বেও আজও পুরনো স্মৃতি হাসিমুখে মনে করেন কিং খান!