টাকা আদায়ের ছকে চাকরির টোপ, গ্রামে আসতেই বেধড়ক মার, চাঞ্চল্যকর ঘটনা বীরভূমে

বীরভূমের রামপুরহাটে টাকা উদ্ধারের নামে যুবকদের ডেকে এনে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগের তীর বগটুই গ্রামের মোজাম্মেল আলম ও নজরুল ইসলামের দিকে। সূত্রের খবর, মহম্মদবাজারের কয়েকজন যুবককে রামপুরহাট হাসপাতালে ডেকে এনে মারধর করা হয়। ইতোমধ্যে এই ঘটনায় একাধিকজনকে গ্রেফতার করা হয়েছে, তবে আরও কয়েকজন এখনও পলাতক।
টাকার লেনদেন থেকেই সংঘর্ষ
স্থানীয় সূত্রে জানা যায়, মহম্মদবাজার থানার ঢোলকাটা গ্রামের বাসিন্দা আকাশ শেখের ব্যাংক অ্যাকাউন্টে ভুলবশত এক লক্ষ টাকা চলে যায় বগটুই গ্রামের মোজাম্মেল আলমের এক আত্মীয়ের অ্যাকাউন্ট থেকে। অভিযোগ, বারবার টাকা ফেরতের অনুরোধ করা হলেও আকাশ টাকা ফেরত দেননি। এরপরই আকাশ ও তার সঙ্গীদের ওপর হামলার ছক কষা হয়।
প্রলোভন দেখিয়ে হাসপাতালে ডেকে মারধর
অভিযুক্তরা আকাশকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে একটি পরিকল্পনা করে। অভিযোগ, আকাশ শেখকে কাজের প্রলোভন দেখিয়ে রামপুরহাট হাসপাতালে ডাকা হয়। এমনকি তার পরিবারের সদস্যদেরও সেখানে ডেকে পাঠানো হয় আকাশের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে জানিয়ে।
যখন আকাশ-সহ চারজন হাসপাতালে পৌঁছান, তখন তাঁদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ, বেধড়ক মারধরের শিকার হন তাঁরা। তবে এক যুবক কোনওক্রমে পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছানোর আগেই তিনজনকে তুলে নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।
পুলিশি তৎপরতা ও গ্রেফতার
ঘটনার পর রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে। এরপর অভিযুক্ত মোজাম্মেল আলম ও নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তবে হামলায় জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে, যাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পলাতকদের দ্রুত গ্রেফতার করা হবে।