প্রভাবশালীদের নাম নিয়ে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার হলেন TMC -র প্রাক্তন কাউন্সিলর

আর্থিক প্রতারণার অভিযোগে দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায় ও তাঁর পুত্র অভ্রনীল রায়কে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার রাতে দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের এই প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলেকে আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানিয়েছেন, “এই দু’জনের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ ছিল। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। অপরাধমূলক অভিযোগ থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মানস রায় দীর্ঘদিন ধরে একাধিক প্রভাবশালীর নাম ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিলেন। কখনও কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদারের নাম, কখনও বা তৃণমূল সাংসদ কীর্তি আজাদের নাম ব্যবহার করে প্রতারণা করা হতো। মোবাইল কেনা-সহ নানা আর্থিক লেনদেনে প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই কাজে পুত্র অভ্রনীল রায়ও তাঁকে সহায়তা করতেন বলে অভিযোগ।
দুর্গাপুরের গোপালমাঠ এলাকার বাসিন্দা মানস রায় ২০১৭ সালে দুর্গাপুর পুরসভার ভোটে তৃণমূলের প্রার্থী হয়ে কাউন্সিলর নির্বাচিত হন। অভিযোগ, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল-সহ বিভিন্ন সামগ্রী কিনে টাকা না মেটানোর একাধিক ঘটনা তাঁর নামে নথিভুক্ত রয়েছে। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রাতে দু’জনকে জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার পর দুর্গাপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের দাবি, এটি নিছকই প্রতারণার মামলা এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগাযোগ নেই। অভিযুক্তদের আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।