“প্রমাণ করতে পারলে …?”-জঙ্গি-যোগ নিয়ে শুভেন্দুদের কড়া চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতার

বিধানসভায় বিজেপি বিরোধীদের কড়া ভাষায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যপালের বাজেট ভাষণের জবাব দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘জঙ্গি-যোগ’ মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তিনি। মমতা স্পষ্ট জানান, তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে তিনি একদিনের মধ্যেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়বেন।

‘একদিনেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়ব, যদি প্রমাণ করেন’
মমতা বলেন, “আমাকে এত সংগ্রামের পর, এতকিছুর পর শুনতে হবে যে জম্মু-কাশ্মীর, বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক! আপনি যদি প্রমাণ করতে পারেন, তাহলে এক দিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব।”

এখানেই থামেননি তিনি। মমতা আরও জানান, শুভেন্দুর এই মন্তব্যের বিরুদ্ধে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেবেন এবং তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানাবেন।

‘আমরা আছি বলেই বাংলা শান্ত আছে’
শুভেন্দুর সীমান্ত সংক্রান্ত মন্তব্যেরও জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এখনও আমরা আছি বলেই বাংলাদেশের এমন ঘটনার মধ্যেও আমাদের এখানে শান্তি আছে। এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান। আপনারা তো বর্ডারে গিয়ে উস্কানি দিয়েছিলেন। আপনারা তো ভুলে গিয়েছিলেন বাংলা ভারতের মধ্যেই।”

‘এর থেকে তো মৃত্যু হওয়া ভাল’
নিজের বিরুদ্ধে জঙ্গি-যোগের অভিযোগ শুনে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাকে জম্মু-কাশ্মীরের জঙ্গির সঙ্গে যোগ আছে বলছে। এর থেকে তো মৃত্যু হওয়া ভাল…”

হিন্দুত্ব ইস্যুতে বিজেপিকে আক্রমণ
বিজেপির তথাকথিত হিন্দুত্বের রাজনীতির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “এই যে হিন্দুত্ব, সো-কল্ড হিন্দুইজমের দাবি করে বেড়ান যাঁরা, তারাপীঠ কখনও ঘুরে দেখেছেন? স্বামী বিবেকানন্দের শিকাগো বার্তা পড়ুন। সেখানে দেখবেন বিশ্বব্যাপী হিন্দু ধর্মের সার্বজনীনতা নিয়ে কী বলা আছে। ভোটের সময় স্বামী বিবেকানন্দের বাড়ি যান, কিন্তু যখন তাঁর বাড়ি মাল্টিস্টোরিড বিল্ডিং তৈরির জন্য প্রোমোটাররা দখল করে নিচ্ছিলেন, তখন আপনারা কোথায় ছিলেন?”

‘আমাকে মুসলিম লিগ বলছেন? আপনাদের আসল মুখোশ ফাঁস করব’
মমতা আরও বলেন, “আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, মুসলিম লিগ করি? আমাকে মুসলিম লিগ বলছেন? আপনাদের আসল সত্যিটা কি বলব? আপনারাই তো মুসলিম লিগের সাহায্য নেন তৃণমূলকে হারানোর জন্য। কত সাহায্য নেন? বেলুনটা ফাঁস করব?”

সংখ্যালঘুদের নিয়ে বিজেপির অবস্থান নিয়ে কটাক্ষ
মুখ্যমন্ত্রী বিজেপির সংখ্যালঘু নীতির কড়া সমালোচনা করে বলেন, “বাংলায় কত শতাংশ মুসলিম? সম্প্রতি সেনসাস হয়নি, পুরানো জনগণনা অনুযায়ী বাংলায় ৩০-৩৩ শতাংশ মুসলিম থাকেন। তারা খাবে না, পড়বে না, শিক্ষা পাবে না, তাদের একঘরে করে দিতে হবে, তাদের মারতে হবে? এটাই চাও? এটা অন্যায়।”

বিধানসভায় এই বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট উত্তেজিত দেখা যায়। বিজেপির বিরুদ্ধে তার বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের নতুন উত্তাপ ছড়িয়েছে। এখন শুভেন্দু অধিকারী বা বিজেপির তরফ থেকে কী প্রতিক্রিয়া আসে, সেটাই দেখার।