“আবার তো ১৪৪ বছর…”-মহাকুম্ভে ডুব দিলেন বাংলার অভিনেত্রী দেবলীনাও

১৪৪ বছর পর মহাকুম্ভ, আবারও তা প্রয়াগরাজে! এই বিরল সুযোগ হাতছাড়া করতে রাজি নন সাধারণ মানুষ থেকে বলিউড-হলিউড, এমনকি বাংলা সিনেমার সেলিব্রিটিরাও। আর এই সুযোগ পেয়ে অনেকেই কুম্ভে গিয়ে পবিত্র স্নান সেরে আসছেন। এবার ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে দেখা গেল দেবলীনা কুমারকে। তিনি অত্যন্ত আধ্যাত্মিক ব্যক্তি এবং মহাকুম্ভের স্নান মিস করতে চাননি। তাই কম সময় নিয়েই তিনি পৌঁছে গেছেন প্রয়াগরাজে, এবং সেই ছবি তিনি ভাগ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

দেবলীনার সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলেই দেখা যাবে, মহাকুম্ভ থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলোর মধ্যে তিনি বাবা দেবাশিস কুমার এবং মা দেবযানী কুমারের সঙ্গে রয়েছেন। দেবলীনা পোস্টে লিখেছেন, “মহাকুম্ভ মেলা ২০২৫-এ যাওয়ার সুযোগ পেলাম। আবার ১৪৪ বছর পর এই সময়টা আসবে। আমি ভীষণই আধ্যাত্মিক মানুষ, তাই আধ্যাত্মিকতার চেয়ে বড় অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম, কারণ এই জীবনে এর চেয়ে বেশি সুযোগ আর পাব না।”

সবুজ রঙের কুর্তি পরে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে দেখা যায় দেবলীনা কুমারকে। মহাকুম্ভে যাওয়ার জন্য ভোরবেলা সাড়ে সাতটার ফ্লাইট ধরে তিনি পৌঁছান প্রয়াগরাজে এবং সেখানে পুণ্যস্নান সেরে কলকাতায় ফিরে আসেন। কাজের ব্যস্ততার কারণে তাঁর স্বামী গৌরব চট্টোপাধ্যায় দেবলীনার সঙ্গে যেতে পারেননি, কারণ তিনি তেঁতুলপাতা সিরিয়ালে লিড চরিত্রে কাজ করছেন।

এছাড়াও দেবলীনার মতো মহাকুম্ভে স্নান করতে দেখা গেছে রচনা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শ্রীমা সহ আরও অনেক টলি তারকাকে।