নায়িকা করার প্রতিশ্রুতি দিয়ে দুই তরুণীকে ধর্ষণ, অবশেষে গ্রেফতার দুই ফটোগ্রাফার

টলিউডে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল শহরে। অভিযোগের ভিত্তিতে দুই চিত্রগ্রাহককে গ্রেপ্তার করেছে পুলিশ। দিন কয়েক আগেই যাদবপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল।
অভিযুক্তদের নাম প্রতীক পাল ওরফে সায়ন এবং তপন পাল ওরফে অনিকেত বসু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই যুবক টলিউডের এক জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফারের নাম করে তরুণীদের প্রতারণা করত। টলিউডে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে দুই তরুণীর পোর্টফোলিও অ্যালবাম তৈরি করেছিল তারা। এরপর বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাদের উপর যৌন নির্যাতন করা হয়।
অভিযুক্তরা টলিউডের ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষের নাম করে তরুণীদের সঙ্গে যোগাযোগ করেছিল। ঘটনাটি জানার পর তথাগত নিজেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “অনেকেই ওই দু’জনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করছিলেন। তাঁদের মধ্যে দু’জন থানায় গিয়ে অভিযোগ জানাতে রাজি হন। যেহেতু আমার নাম ব্যবহার করা হয়েছে, তাই আমি নিজেও থানায় অভিযোগ জানাই।”
অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে যাদবপুর থানার পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় অসঙ্গতি ধরা পড়ায় প্রতীক ও তপনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ৭ ফেব্রুয়ারি এবং তার আগেও একাধিকবার ওই দুই তরুণীকে ধর্ষণ করা হয়েছে।
ধৃতদের শনিবার আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, প্রতীক উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বাসিন্দা, অন্যদিকে অনিকেত থাকে নৈহাটিতে।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। অভিযোগ, কয়েক মাস আগে দুই তরুণীর সঙ্গে তাদের পরিচয় হয় এবং তখনই তারা প্রতারণার ফাঁদ পাতে। তরুণীদের বলা হয়, “ভালো পোর্টফোলিও তৈরি করতে পারলে টলিউডে কাজের সুযোগ নিশ্চিত।” আরও বিশ্বাসযোগ্য করে তুলতে তথাগত ঘোষের নাম ব্যবহার করে তারা।
পুলিশের সন্দেহ, শুধু এই দুই তরুণী নয়, একই কৌশলে আরও অনেকের সঙ্গে প্রতারণা করেছে অভিযুক্তরা। পুলিশ ইতিমধ্যেই তাদের পুরোনো কাজের খোঁজ শুরু করেছে। যদি আরও কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে তাঁদের থানায় অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।
এই ঘটনায় টলিপাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। কাজের লোভ দেখিয়ে তরুণীদের এভাবে প্রতারণা ও যৌন হেনস্তার ঘটনা নতুন নয়, তবে পুলিশের তৎপরতায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।