OMG! স্বামীর খোঁজে গিয়ে ধর্ষণের শিকার স্ত্রী, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

প্রায়ই মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে থাকেন স্বামী। তাঁকে খুঁজে বাড়ি ফেরান স্ত্রী। সোমবার রাতেও এমনই ঘটনা ঘটতে গিয়ে নারকীয় ঘটনার শিকার হলেন এক মহিলা। অভিযোগ, রাত ১২টা নাগাদ স্বামীকে খুঁজতে বেরিয়ে ধর্ষণের শিকার হন তিনি। অভিযুক্ত ২৫ বছরের যুবক অর্জুন রায় পালানোর চেষ্টা করলেও শক্তিগড় থানার পুলিশের হাতে ধরা পড়ে যান।

পুলিশের তৎপরতা

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, ‘পুলিশ সুপারের নির্দেশে স্পেশ্যাল পিপি নিয়োগ করা হচ্ছে। দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সমস্ত তথ্যপ্রমাণ আদালতে জমা দেবে পুলিশ। অপরাধী যাতে আইনের ফাঁক গলে মুক্তি না পায়, সে বিষয়েও নজর রাখা হবে।’

নির্জন রাস্তা ও ভয়াবহ ঘটনা

শক্তিগড় থানা এলাকার ঘটনাস্থলটি নির্জন। দু’পাশে ফাঁকা জমির মাঝে চওড়া আলপথ দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করেন। স্থানীয়রা জানান, অতীতেও সেখানে বধূর স্বামীকে মদ্যপ অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সোমবারও একই আশঙ্কায় স্বামীকে খুঁজতে বেরিয়ে ছিলেন ওই ২৬ বছরের মহিলা। তখনই অতর্কিতে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। প্রথমে মহিলার মুখ, হাত শাড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর পাশের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

তদন্ত ও গ্রেপ্তারি

মহিলা অনেকক্ষণ বাড়ি না ফেরায় খুঁজতে বেরোন পরিজন ও প্রতিবেশীরা। যখন কোনও খোঁজ পাওয়া যায়নি, তখন তারা শক্তিগড় থানায় খবর দেন। ওসি উত্তাল সামন্ত বাহিনী নিয়ে মহিলাকে খুঁজতে বের হন। স্থানীয়দের কাছ থেকে বিবরণ পেয়ে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ বিবস্ত্র অবস্থায় ওই মহিলা ও অর্জুনকে দেখতে পান। পুলিশ মহিলাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ও তাঁর বয়ান লিপিবদ্ধ করে।

আদালতে অভিযুক্ত

মঙ্গলবার ধৃত অর্জুন রায়কে বর্ধমান আদালতে পেশ করা হয়। আইনজীবীদের আন্দোলনের কারণে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন। বুধবার ফের অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানাবে পুলিশ।