ভারতের বিরাট জয়,পাকিস্তানের বড় জঙ্গিকে ভারতের হাতে তুলে দিল আমেরিকা

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পরপরই ভারত একটি বড় কূটনৈতিক সাফল্য পেল। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের সিদ্ধান্তে সিলমোহর দিল মার্কিন সুপ্রিম কোর্ট। ভারত ও আমেরিকার মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহাউর রানাকে এবার ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এটি ভারতের অন্যতম বড় জয়।

২০০৮ সালে মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটেছিল। এই হামলায় জড়িত থাকার অভিযোগে রানার নাম উঠে আসে। দীর্ঘদিন ধরে তিনি ভারতে প্রত্যর্পণ এড়াতে আইনি লড়াই চালাচ্ছিলেন। তবে এটাই ছিল তার শেষ আইনি সুযোগ। মার্কিন সুপ্রিম কোর্ট রানার রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে।

এর আগে একাধিক ফেডারেল কোর্টেও রানা আইনি লড়াইয়ে হেরে গিয়েছিলেন। গত বছরের ১৩ই নভেম্বর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার ঠিক পরের দিন, অর্থাৎ ২১শে জানুয়ারি রানার সেই আবেদন খারিজ হয়ে যায়।

৬৪ বছর বয়সী রানা বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। জানা গেছে, মার্কিন সরকারও সুপ্রিম কোর্টের কাছে রানার আবেদন খারিজ করার অনুরোধ জানিয়েছিল। মার্কিন সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলোগার আগেই জানিয়েছিলেন যে এই মামলায় রানা প্রত্যর্পণ থেকে অব্যাহতি পাবেন না।