বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের থেকে নেওয়া হচ্ছে ‘উন্নয়ন ফি’? অভিযোগ TMC-র বিরুদ্ধে

বাংলার বাড়ি প্রকল্পে ফের ‘তোলাবাজি’র অভিযোগ, পঞ্চায়েতের ‘উন্নয়ন ফি’ নিয়ে বিতর্ক

পূর্ব বর্ধমান, ১৭ জানুয়ারি: কাটমানির অভিযোগ এড়াতে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালেও, নতুন উপায়ে ‘তোলাবাজি’র অভিযোগ উঠেছে। পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের তৃণমূল নেতারা পঞ্চায়েতের ‘উন্নয়ন ফি’র নামে উপভোক্তাদের থেকে টাকা নিচ্ছেন বলে অভিযোগ।

গত মাসে মেমারি ১ ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৪,৫০০ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি বাবদ ৬০ হাজার টাকা করে জমা পড়েছিল। অভিযোগ উঠেছে, এর পরেই পঞ্চায়েতগুলির তরফে উপভোক্তাদের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় যে বাড়ি তৈরির শংসাপত্র পেতে গেলে পঞ্চায়েতে ‘উন্নয়ন ফি’ বাবদ ১,০০০ টাকা জমা দিতে হবে।

হতদরিদ্র মানুষজন, যারা এমনিতেই সমস্ত পুঁজি খরচ করে মাথা গোঁজার ঠাঁই তৈরি করছেন, তাদের উপর এই অতিরিক্ত ১,০০০ টাকার বোঝা মরার উপর খাঁড়ার ঘা এর মতো। দলুইবাজার ২ নম্বর পঞ্চায়েতে লাউড স্পিকারে করে পঞ্চায়েতকে টাকা দিতে হবে বলে ঘোষণা করা হয়েছে। এই খবর পেয়ে মেমারি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অর্ক বন্দ্যোপাধ্যায় বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের দাবি, ‘কাউকে জোর করা হয়নি। তবে যারা নিয়মের বাইরে বড় বাড়ি তৈরি করছে, তাদেরই শুধু টাকা দিতে বলা হয়েছে।’