নতুন বছরে মক্কায় শাহরুখ-গৌরী, ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেল

নতুন বছরে বলিউড বাদশা শাহরুখ খান, স্ত্রী গৌরী খান ও ছেলে আরিয়ান খানের মক্কায় যাওয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে এক্স (পূর্বে টুইটার) পর্যন্ত ছবিটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই ছবি দেখে অনেক নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে যে বিয়ের ৩৩ বছর পর গৌরী খান কি ধর্ম পরিবর্তন করলেন?

কিন্তু সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ছবিটি সম্পূর্ণ ভুয়া। শাহরুখ, গৌরী ও আরিয়ান ডিপফেকের শিকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে এই ছবিটি তৈরি করা হয়েছে এবং দ্রুত তা ছড়িয়ে দেওয়া হয়েছে।

ডিপফেক নতুন কোনো ঘটনা নয়। এর আগেও আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, রাশমিকা মান্দানা-র মতো তারকারা ডিপফেকের শিকার হয়েছেন। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শাহরুখ খান ক্যারিয়ারের শুরুতে গৌরীকে বিয়ে করেন। পরিবারের অমত সত্ত্বেও একজন উঠতি অভিনেতাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন গৌরী।

বলিউডে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া নিত্যনৈমিত্তিক ঘটনা, সেখানে শাহরুখ-গৌরীর সম্পর্ক আজও অটুট। ২০০৫ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে গৌরী তাদের সম্পর্কের বিষয়ে কথা বলেছিলেন। তিনি করণ জোহরকে জানিয়েছিলেন যে তাদের মধ্যে সবসময় একটি ভারসাম্য বজায় থাকে। তিনি তার স্বামী শাহরুখের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি নিজে ধর্ম পরিবর্তন করে মুসলিম হবেন। তিনি এই ধরনের ধর্ম পরিবর্তনে বিশ্বাসী নন।

গৌরীর মতে, প্রত্যেক মানুষের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার আছে। এক্ষেত্রে পারস্পরিক সম্মান থাকাটা জরুরি। শাহরুখের তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামও একইভাবে বড় হয়েছে। তারা যেমন ইদ পালন করে, তেমনই দিওয়ালিও উদযাপন করে।

Editor001
  • Editor001