OMG! বাড়ির দেওয়াল বেয়ে অনবরত গড়িয়ে পড়ছে তেল, বাংলার বুকে অবাক কাণ্ড!

রাজপুর-সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের রতন সরকারের বাড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটছে। প্রায় দুই বছর ধরে তাদের বাড়ির দেওয়াল থেকে তেল চুঁইয়ে পড়ছে। তেলের উৎস খুঁজে বের করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বাড়ির মালিক। অবশেষে, এই সমস্যার সমাধানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপ সেল, রাজপুর সোনারপুর পুরসভা এবং নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন রতন সরকার।

২০২৩ সালের মে মাসের পর থেকে এই তেল বেরোনো শুরু হয়। রতন সরকারের স্ত্রী শম্পা সরকার জানান, তাদের বাড়িটি ১৯৭৪ সালে তৈরি হয়েছিল এবং আগে কখনও এমন ঘটনা ঘটেনি। ২০২৩ সালের মে মাসে বাড়িটি সংস্কার করার পরেই দেওয়াল থেকে তেল বেরোতে শুরু করে। প্রথমে কম পরিমাণে তেল বেরোলেও পরে তা বাড়তে থাকে।

সরকার পরিবার ব্যক্তিগতভাবে তেলের উৎস খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি। এরপর তারা পুরসভা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের বিষয়টি জানান এবং এর কারণ জানতে চান। নরেন্দ্রপুর থানাতেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল বিভাগের সদস্যরা মঙ্গলবার বাড়িটি পরিদর্শন করবেন। পুরসভাও তেলের নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে পুরসভার বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই তেল দাহ্য নয়।

রাজপুর সোনারপুর পুরসভার পুরপারিষদ নজরুল আলি মণ্ডল বলেন, “এই ঘটনা অত্যন্ত সংবেদনশীল। পুলিশ ওই বাড়িতে গিয়েছিল সমস্ত দিক খতিয়ে দেখার জন্য। পুরসভাও এই তেলের উৎস জানার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা গিয়ে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছেন।”