জেলায় ডিউটি এড়ালে বেতনই বন্ধ, কড়া নির্দেশ জারি করলো স্বাস্থ্য দপ্তর

গত মাসে বন্ডে থাকা সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের জেলায় পোস্টিং এ না যাওয়ার কারণে ২০ লক্ষ টাকা করে জরিমানা করেছিল রাজ্য সরকার। অনেক আবেদন নিবেদনের পর সেই জরিমানা মকুব করা হয়েছে। তবে, নতুন বছরের শুরুতেই স্বাস্থ্য দপ্তর কড়া বার্তা দিয়েছে।

নতুন আদেশনামা জারি করে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ভবিষ্যতে একই ভুল করলে ওই ডাক্তারদের বেতন বন্ধ করে দেওয়া হবে। এই বিষয়ে সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অ্যাকাউন্ট অফিসারদের চিঠি লিখে জানিয়েছে স্বাস্থ্য ভবন।

রাজ্যের সরকারি কোটায় এমডি-এমএসের মতো স্নাতকোত্তর কোর্স করতে গেলে প্রার্থীদের একটি বন্ডে সই করতে হয়। সেই বন্ডের শর্ত অনুযায়ী, কোর্স শেষ হওয়ার পরেও তিন বছর সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে হবে। অন্যথায়, প্রতি বছর ১০ লক্ষ টাকা হিসেবে মোট ৩০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

বন্ডের নিয়ম অনুযায়ী, স্নাতকোত্তর শেষ করার পর প্রথম বছর ওই সিনিয়র রেসিডেন্টরা যে মেডিক্যাল কলেজে পড়েছেন সেখানেই কাজ করবেন। পরবর্তী দুই বছর তাদের জেলা, মহকুমা, স্টেট জেনারেল বা মাল্টি সুপার-স্পেশালিটি হাসপাতালে কাজ করার কথা। কিন্তু প্রায়শই দেখা যায়, অনেক সিনিয়র রেসিডেন্ট বদলির নির্দেশ অমান্য করে মেডিক্যাল কলেজেই থেকে যান। এই কারণে গত ডিসেম্বরে ৩১ জন চিকিৎসককে বার্ষিক ১০ লক্ষ টাকা হিসেবে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

তবে, ওই ৩১ জন চিকিৎসক ক্ষমা চাওয়ায় এবারের মতো তাদের জরিমানা মকুব করা হয়েছে। কিন্তু সরকার স্পষ্ট করে জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা আর বরদাস্ত করা হবে না। বরং, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে সিনিয়র রেসিডেন্টরা যে ৬৫ ও ৭৫ হাজার টাকা বেতন পান, তা বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষকেও এর জন্য জবাবদিহি করতে হবে। অভিযুক্ত সিনিয়র রেসিডেন্টরা কেন সরকারি নির্দেশ মেনে জেলাস্তরের হাসপাতালে কাজে যোগ দেননি, সেই বিষয়েও বিশদ তদন্ত করা হবে।