রাহুল গান্ধীর ধাক্কায় আহত বিজেপি এমপি, থানায় দায়ের হত্যা মামলা

নয়াদিল্লিতে সংসদ ভবনের সামনে বিরোধী দল কংগ্রেস ও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখানে রাহুল গান্ধীর ধাক্কাতে দুই সংসদ সদস্য আহত হয়েছেন- এ অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে বিরোধীদের সঙ্গে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সদস্যদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত বিজেপির দুজন সাংসদ হলেন ওডিশার প্রতাপ সারঙ্গি ও উত্তর প্রদেশের মুকেশ রাজপুত।
সম্প্রতি, অমিত শাহর বিরুদ্ধে ভারতের সংবিধান প্রণেতা ও সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগ আনে বিরোধী দল। এ ঘটনার পরিপ্রেক্ষিতেইসংসদ ভবনের সামনে কংগ্রেসের সঙ্গে মুখোমুখি অবস্থানে যায় বিজেপি জোটভুক্ত এনডিএর এমপিরা। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে প্রতাপ সারঙ্গি ও মুকেশ রাজপুত আহত হন।
বিজেপি অভিযোগ করে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতাপ সারঙ্গিকে ধাক্কা দিয়েছেন। তবে রাহুল গান্ধী এ অভিযোগ অস্বীকার করেছেন।
বিজেপির সংসদ নিশিকান্ত দুবে রাহুল গান্ধীকে দায়ী করে বলেন, আপনার কি লজ্জা নেই রাহুল? আপনি গুন্ডাগিরি শুরু করেছেন। একজন বৃদ্ধ মানুষকে ধাক্কা দিয়েছেন।
তবে পাল্টা অভিযোগ করে রাহুল গান্ধী বলেন, আমি সংসদ ভবনে প্রবেশ করছিলাম। এ সময় বিজেপির সংসদ সদস্যরা আমাকে সংসদ ভবনে প্রবেশে বাধা দেয়, ধাক্কা দেয় ও হুমকি দিতে থাকে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যসভায় বিজেপির কিরেণ রিজিজু বলেন, রাহুল গান্ধী আজ বিজেপির দুই এমপিকে ঠেলে ফেলে দিয়েছেন, যারা এখন হাসপাতালে ভর্তি। রাহুল গান্ধীর আচরণের জন্য সংসদ ও দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের। সংসদ কোনো কুস্তির আখড়া নয়।
এদিকে ঘটনা প্রসঙ্গে কংগ্রেস এমপি কেসি বেণুগোপাল এএনআই-কে বলেন, আসলে, বিজেপি এমপিরা রাহুল গান্ধীকে হাউসে যাওয়ার সময় বাধা দেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাহুল গান্ধীকে অবরুদ্ধ করেন। তারা বিরোধী দলনেতার পথ আটকে দিয়েছিলেন। আমরা এরই মধ্যেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছি এ নিয়ে।
আরেক কংগ্রেস নেতা কে সুরেশ এএনআই-কে বলেন, কংগ্রেস এমপিরা স্পিকারের সঙ্গে দেখা করে বিজেপি এমপিদের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। রাহুল গান্ধী সংসদে ঢোকার চেষ্টা করলে বিজেপি এমপিরা তাকে ঢুকতে দেননি… এরপর তিনি হাউসে ঢোকার জন্য ধাক্কাধাক্কি করেন।
অন্যদিকে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, ঘটনাটি আপনাদের ক্যামেরাতেও থাকতে পারে। আমি সংসদের প্রবেশদ্বার দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম। তখন বিজেপি এমপিরা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আমাকে ধাক্কা দেওয়া হয়, হুমকিও দেওয়া হয়। তাই এটা ঘটেছে…। হ্যাঁ, এটা ঘটেছে (মল্লিকার্জুন খাড়গেকে ধাক্কা দেওয়া হয়েছে)।
কংগ্রেস নেতা আরো বলেন, আমরা ধাক্কাধাক্কিতে ভয় পাই না। তবে এটি সংসদের প্রবেশদ্বার। আমাদের ভেতরে যাওয়ার অধিকার রয়েছে। বিজেপি এমপিরা আমাদের ভেতরে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। তারা আসলে সংবিধানকে আক্রমণ করছেন এবং আম্বেদকরজির স্মৃতিকে অপমান করছেন।