প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন বাড়ি চাইছেন? জেনে নিন আবেদন করার পদ্ধতি

শহরে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS) এবং মধ্যবিত্ত পরিবারের জন্য সুখবর! কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY 2.0)-এর দ্বিতীয় পর্যায় শুরু করেছে, যার মাধ্যমে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। গত ৯ অগাস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের অনুমোদন দিয়েছে।

এই প্রকল্পের অধীনে সরকার ১ কোটি নতুন বাড়ি তৈরি করতে চায় এবং প্রতিটি বাড়ির জন্য আড়াই লক্ষ টাকা করে আর্থিক ভর্তুকি দেবে। আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে PMAY আরবানের শেষ পর্যায়ে ১.১৮ কোটি বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল, যার মধ্যে ৮.৫৫ লক্ষেরও বেশি বাড়ি তৈরি হয়েছে এবং সেগুলি সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

কিভাবে সুবিধা পাবেন?

এই স্কিমের সুবিধা চারটি বিভাগের অধীনে দেওয়া হবে:

Beneficiary-Led Construction (BLC): যাদের নিজস্ব জমি আছে, তারা এই প্রকল্পের অধীনে বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য পাবেন।
Affordable Housing in Partnership (AHP): বেসরকারি সংস্থার সাথে অংশীদারিত্বের মাধ্যমে সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরি করা হবে।
Affordable Rental Housing (ARH): পরিযায়ী শ্রমিক এবং শহুরে দরিদ্রদের জন্য ভাড়ায় থাকার ব্যবস্থা করা হবে।
Interest Subsidy Scheme (ISS): গৃহঋণের সুদের উপর ভর্তুকি প্রদান করা হবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া:

PMAY-U 2.0 এর অধীনে ১ কোটি নতুন পরিবারের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যোগ্য ব্যক্তিরা এখন অনলাইনে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:

প্রথমে এই ওয়েবসাইটে যান: https://pmaymis.gov.in/PMAYMIS2_2024/PmayDefault.aspx
“Apply for PMAY-U 2.0” অপশনে ক্লিক করুন এবং পরবর্তী ধাপে যান।
প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করুন।
যদি আপনি এই প্রকল্পের জন্য যোগ্য না হন, তাহলে আপনাকে আর এগোতে দেওয়া হবে না। যোগ্য হলে, পরবর্তী প্রক্রিয়ায় আপনাকে আপনার আধার নম্বর এবং নাম লিখতে হবে। এরপর আপনার মোবাইল নম্বরে একটি OTP (One Time Password) আসবে, যা দেওয়ার পরে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন।

প্রয়োজনীয় নথি:

আবেদনের সময় নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হবে:

আবেদনকারীর আধার বিবরণ (আধার নম্বর, আধার অনুযায়ী নাম, জন্ম তারিখ)।

পরিবারের সদস্যদের আধার বিবরণ (আধার নম্বর, আধার অনুযায়ী নাম, জন্ম তারিখ)।

আধারের সাথে লিঙ্ক থাকা সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের নাম, শাখা, IFSC কোড)।

আয়ের প্রমাণ (শুধুমাত্র পিডিএফ ফাইল, আকার 200kb)।

জাতিগত শংসাপত্র (SC, ST বা OBC-এর ক্ষেত্রে) (শুধুমাত্র পিডিএফ ফাইল, আকার ২০০ কেবি)।

জমির দলিল (Beneficiary-Led Construction-এর ক্ষেত্রে) (শুধুমাত্র পিডিএফ, ফাইলের আকার ৫ এমবি)।

এই প্রকল্পের মাধ্যমে শহরের অনেক দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার উপকৃত হবে বলে আশা করা যায়। তাই, যারা যোগ্য তারা শীঘ্রই আবেদন করুন।