BigNews: জম্মু-কাশ্মীরে প্রাক্তন DSP-র বাড়িতে আগুন, দমবন্ধ হয়ে মৃত্যু হলো ৬ জনের

জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) এবং তার ৩ বছরের নাতিও। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন এবং তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে তিনটে নাগাদ কাঠুয়া জেলার শিবনগর এলাকার একটি বাড়িতে আচমকা আগুন লাগে। বাড়ির লোকজন তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। রাত আড়াইটা নাগাদ স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেন। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

তৎক্ষণাৎ উদ্ধারকার্য শুরু করে ১০ জনকে বাড়ি থেকে বের করে আনা হয় এবং দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে ৬ জনকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। কেউ অগ্নিদগ্ধ হননি।

মৃতদের পরিচয়:

অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার অবতার কৃষ্ণ রায়না (৮১)
বরখা রায়না (২৫)
আকাশ (৩)
গঙ্গা ভগত (১৭)
দানিশ ভগত (১৫)
আদ্ভিক (৬)
মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্ট হবে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অবসরপ্রাপ্ত ডিএসপি ওই বাড়িতে ভাড়া থাকতেন। তার সাথে তার স্ত্রী, ছেলে, মেয়ে এবং মেয়ের সন্তানও থাকতেন। আশ্চর্যজনকভাবে, আগুনে বাড়িটির তেমন কোনো ক্ষতি হয়নি এবং কেউ অগ্নিদগ্ধও হননি। তাই কিভাবে আগুন লেগেছিল তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।