“ইরানে হামলার জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল”- ফাঁস হলো মার্কিন গোয়েন্দা নথি

ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ফাঁস হওয়া এক মার্কিন গোয়েন্দা নথিতে। জানা গেছে, ইরানে প্রতিশোধ নিতে হামলার জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল-এমন দুইটি মার্কিন গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনজনের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

মার্কিন এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, নথি ফাঁস হওয়ার এই ঘটনা গভীর উদ্বেগের।

প্রতিবেদনে বলা হয়েছে, নথিগুলোতে ১৫ এবং ১৬ অক্টোবর তারিখ ছিল। বার্তা-আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে মিডল ইস্ট স্পেকটেটর নামে এক অ্যাকাউন্টে এসব নথি পোস্ট করার পর গত শুক্রবার থেকে অনলাইনে ছড়িয়ে পরে।

নথিগুলো টপ সিক্রেট হিসেবে নিবন্ধিত ছিল এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং তার ‘ফাইভ আইস’ মিত্রদের এসব নথি দেখার অনুমতি ছিল। ফাইভ আইস জোট হচ্ছে- অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

একটি নথিতে বলা হয়েছে, মার্কিন ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির মাধ্যমে এটি প্রণীত হয়েছে এবং ইসরায়েলি বিমান বাহিনী হামলার প্রস্তুতি অব্যাহত রেখেছে।

গত ১ অক্টোবর ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার জেরে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এরপর থেকে ধারণা করা হচ্ছিল যেকোনো সময় ইরান হামলা চালাতে পারে ইসরায়েল। এরমধ্যেই মার্কিন গোয়েন্দা নথি ফাঁসের খবর এলো।