BigNews: দূর্গা পুজোর কার্নিভাল থেকে আটক চিকিৎসক, কড়া বিবৃতি প্রকাশ IMA-এর

কলকাতার রেড রোডে অনুষ্ঠিত দুর্গাপুজোর কার্নিভালে এক চিকিৎসককে ‘প্রতীকী অনশনকারী’ ব্যাজ পরার অভিযোগে আটক করা হয়েছে। কলকাতা পুরসভার মেডিক্যাল টিমের সদস্য তপোব্রত রায়কে কার্নিভাল থেকে সরিয়ে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ইন্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশন (আইএমএ) বেঙ্গল শাখা তীব্র প্রতিবাদ জানিয়েছে।

জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচিকে সমর্থন জানিয়েই তপোব্রত রায় এই ব্যাজ পরেছিলেন। তিনি কলকাতা পুরসভার মেডিক্যাল টিমের হয়ে কার্নিভালে কর্তব্যরত ছিলেন। পুলিশের এই পদক্ষেপে জুনিয়র ডাক্তাররা ক্ষুব্ধ। তাদের মতে, এইভাবে আন্দোলন দমন করা যাবে না।

আইএমএ বেঙ্গল শাখার বিবৃতিতে বলা হয়েছে, “কার্নিভাল থেকে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, এ ঘটনায় আমরা গভীরভাবে ক্ষুব্ধ। তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। অন্যথায়, আইএমএ অ্যাকশন কমিটি কড়া পদক্ষেপ নেবে।”

উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে জুনিয়র ডাক্তাররা আমরণ অনশনে বসেছেন। তাদের সমর্থনে অনেকেই ‘প্রতীকী অনশন’ করছেন। মঙ্গলবার সারা দেশে ১২ ঘণ্টার অনশন কর্মসূচি পালন করে আইএমএ জুনিয়র ডাক্তারদের সমর্থন জানিয়েছে।