SPORTS: মেসির ফ্যানেদের জন্য সুখবর, বড় ইঙ্গিত দিলেন জাভি

লিওনেল মেসিকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফেরানোর বিষয়ে আলোচনা হচ্ছে বিগত এক সপ্তাহ ধরেই। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা একাধিকবার সংবাদ মাধ্যমে মেসিকে ফেরানোর ইচ্ছা জানিয়েছেন। এরপর গুঞ্জন ছিল, বর্তমান কোচ ও মেসির বন্ধু-সতীর্থ জাভি হার্নান্দেজও তাকে চাইছেন।

এবার জাভি খোলামেলাভাবেই জানালেন, মেসিকে ফেরাতে আগ্রহী তিনি। এই কিংবদন্তি জানিয়েছেন, বার্সার কাছে একটা ‘দ্বিতীয় অধ্যায়’ পাওনা মেসির। আগামীকাল সকালে নিউ ইয়র্ক রেডবুলের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাভি। সেখানেই এই কথা জানান।

গত বছর যেভাবে মেসি-বার্সার বিচ্ছেদ ঘটেছে, সেটা জাভির একটুও ভালো লাগেনি। তিনি বলেন, ‘মেসির সঙ্গে বার্সার সম্পর্কটা কখনো শেষ হোক, সেটা আমি কখনো চাইনি। আমার মনে হয়, একটা দ্বিতীয় সুযোগ পাওনাই হয়ে আছে তার।’

এরপরই তিনি জানান, প্রত্যাবর্তনটা বার্সার কাছে পাওনাই হয়ে আছে মেসির। জাভি বলেন, ‘যদি প্রশ্নটা হয়, আমি মেসিকে বার্সেলোনায় ফেরত চাই কি না? তাহলে আমার উত্তর হচ্ছে হ্যাঁ। এটা ক্লাবের ভবিষ্যতের জন্য তোলা রইলো। তবে এই মৌসুমের জন্য নয়।’

বার্সেলোনার হয়ে কী জেতেননি মেসি? লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ… এরপর ব্যক্তিগত সব পুরস্কারও তিনি জিতেছেন। বলা যায় সবার চেয়ে বেশিই জিতেছেন। ক্লাবকে দু’হাত ভরে দিয়েছেন যিনি, এমন একজনকে তাই বারবার চান বার্সা কোচ।

বার্সেলোনা ছেড়ে গেল বছর পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি দুই বছরের। যার প্রথম বছরটা কাটিয়ে ফেলেছেন মেসি। আগামী মৌসুমে যখন তার চুক্তি শেষ হয়ে যাবে, তখনই তাকে ফিরিয়ে আনতে চায় বার্সা, এমন আভাসটা আগেই মিলছিল। জাভির কথার পরে পরিষ্কার হয়ে গেল সেটাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *