‘প্রধানমন্ত্রী হন, সাপোর্ট দেব,’-প্রস্তাব ছিল BJP-র এই মন্ত্রীর কাছে! নিজেই জানালেন সেই কথা

প্রধানমন্ত্রী হতে চাইলে সাপোর্ট পেতেন কিন্তু সেই বড় সুযোগ থাকা সত্ত্বেও তিনি হতে চাননি। তিনি এক সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়ে বলেন ‘প্রধানমন্ত্রী হওয়া তাঁর জীবনের লক্ষ্য ছিল না।’
নীতিন গড়করি বলেন, একজন রাজনৈতিক নেতা একবার তাঁকে একথা বলেছিলেন।প্রধানমন্ত্রীর পদে দাঁড়ালে সেই নেতা তাঁকে সাপোর্ট দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। নীতিন গড়করি জানিয়েছিলেন, এই ধরনের উচ্চাকাঙ্খা তাঁর নেই।
নাম না নিয়েই বললেন…
‘আমার একটি ঘটনা মনে আছে… আমি কারও নাম নেব না। সেই ব্যক্তি বলেছিলেন, ‘আপনি যদি প্রধানমন্ত্রী হতে চান, আমরা আপনাকে সমর্থন করব,’
তিনি বলেন, ‘আমি তখন পাল্টা প্রশ্ন করি, আপনি আমাকে কেন সমর্থন করবেন? আমিই বা কেন আপনার সমর্থন গ্রহণ করব? প্রধানমন্ত্রী হওয়াটা আমার জীবনের লক্ষ্য নয়। আমি আমার বিশ্বাস এবং আমার সংগঠনের প্রতি অনুগত। আমি কোনও পদ পাওয়ার জন্য চেষ্টা করব না। কারণ আমার বিশ্বাসটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’