ডাইনি সন্দেহে ২ আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন? বাংলার প্রত্যন্ত গ্রামে শোরগোল

বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত হরিসরা গ্রামের আদিবাসী পাড়ায় এক অমানবিক ঘটনা ঘটেছে। ডাইনি সন্দেহে লোদগি কিসকো এবং ডলি সোরেন নামে দুই আদিবাসী মহিলাকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে গ্রামবাসীরা তাদের বাড়ি থেকে জোর করে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে এবং দেহটি একটি নালায় ফেলে দেয়। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং আতঙ্ক বিরাজ করছে।
ময়ূরেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অঞ্চলে তীব্র পাহারা বসিয়েছে।
লোদগি কিসকোর মেয়ে রানি কিসকো বলেন, ‘ডাইনি সন্দেহে এই কুকর্ম করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ নিরাপত্তা সুনিশ্চিত করুক এই দাবি করছি।’
ওই গ্রামে যাতে নতুন করে আর কোনও অশান্তি না ছড়ায় সেই জন্য কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।