নিশানায় ‘গডফাদার’! বাংলাদেশে আজই রাত ১২ টা থেকে শুরু হবে যৌথ অভিযান

লক্ষ্য শুধু সংস্কার বা ভোট নয়, বাংলাদেশকে অবৈধ অস্ত্র ও মাদকমুক্ত করাই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। এই প্রতিশ্রুতিরই প্রমাণ মিলল আজ। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরি জানিয়েছেন, বুধবার রাত ১২টা থেকে অবৈধ অস্ত্র ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হবে।

একইসঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “মাদক দেশের জন্য একটি বড় সমস্যা। আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেদিকেও আমরা নজর রাখছি।”

স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে আইনের কঠোর হাতে দমন করা হবে। সরকার দেশের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “সরকার যখন দেশের স্বার্থে কাজ করছে, তখন কিছু অসামাজিক গোষ্ঠী আইন-শৃঙ্খলা ভঙ্গ করে সরকারের কাজে বাধা দিচ্ছে। প্রতিষ্ঠান ঘেরাও, সহিংসতা, এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ সহ্য করা হবে না।”