“এতদিন বাদে কেন …?”-সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রশ্ন হাইকোর্টের

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার সিআইটি গঠন করেছে। কিন্তু, এই সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠেছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানতে চেয়েছেন, ২০২৩ সালে অভিযোগ উঠার পর এতদিন পর কেন সিআইটি গঠন করা হল? আরজি কর হাসপাতালে ঘটনা ঘটার পরই কেন সরকার এই পদক্ষেপ নিল?

বিচারপতি জানিয়েছেন, সিআইটিতে সিনিয়র অফিসারদের রাখা হয়েছে, যা দেখিয়ে দেয় যে রাজ্য সরকার এই মামলাকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু, তাহলে ১৬ অগস্ট কেন সিআইটি গঠন করা হল, কেন ২০২৩ সালে অভিযোগ উঠার পর নয়? এই প্রশ্নের জবাব ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারকে দিতে হবে।

আইনজীবী সুস্মিতা সাহা দত্ত হাইকোর্টে আবেদন করেছেন যে, এই মামলাটি ইডি-র হাতে তুলে দেওয়া হোক। তাঁর দাবি, জনগণকে বিভ্রান্ত করার জন্যই সিআইটি গঠন করা হয়েছে। আরজি কর হাসপাতালে মর্গ থেকে দেহ লোপাটের ঘটনা এবং মেডিক্যাল ওয়েস্ট নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে।

হাইকোর্ট সন্দীপ ঘোষের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।