BigNews: তরুণী ডাক্তারকে গণধর্ষণ করা হয়নি, একজনের জড়িত থাকার প্রমাণ পেল CBI: সূত্র

আরজি কর মামলার নিহত চিকিৎসক নাইট ডিউটিতে কর্মরত ছিলেন। তাঁর দেহ সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল। পুলিশের দাবি, তাঁকে সেখানেই ধর্ষণ ও খুন করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও অনেক অস্পষ্টতা রয়ে গেছে।

সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফিরার আহ্বান জানিয়েছে। অন্যদিকে, সিবিআই দাবি করেছে যে এই ঘটনা গণধর্ষণ নয়, একজন অভিযুক্ত সঞ্জয় রায়ই একাই এই অপরাধ করেছে।

তরুণী ডাক্তারকে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট দিল সিবিআই। ‘আজতক’-এর হাতে এসেছে সেই স্টেটাস রিপোর্টের একটি বড়সড় তথ্য। এখনও পর্যন্ত তদন্তে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায় নামে একমাত্র ব্যক্তির জড়িত থাকার দিকে ইঙ্গিত করা হয়েছে সিবিআই স্টেটাস রিপোর্টে। তবে তদন্ত এখনও চলছে।

ফরেন্সিক রিপোর্ট দেখেছে সিবিআই। এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, সঞ্জয় রায় ওই তরুণী ডাক্তারকে ধর্ষণ ও পরে খুন করেছেন। অর্থাৎ এখনও পর্যন্ত ধর্ষণ ও হত্যার ঘটনায় একজনের জড়িত থাকার তথ্য প্রকাশ্যে এসেছে এবং ডিএনএ টেস্টেও সঞ্জয় রায়ের উপস্থিতি পাওয়া গিয়েছে। নিশ্চিত করা হয়েছে স্টেটাস রিপোর্টে। সিবিআই সিসিটিভি ফুটেজও দেখেছে, যা ইঙ্গিত করে, অপরাধটি সঞ্জয় রায় করেছিল।

তথ্যসূত্র: আজতক