“হ্যাঙার দিয়ে মার, মেঝের উপর টানা -হ্যাঁচড়া!”-Air India -র মহিলা ক্রুকে হেনস্থার অভিযোগ

লন্ডনের একটি হোটেলে অবস্থানকালীন এয়ার ইন্ডিয়ার এক মহিলা কেবিন ক্রুকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এয়ারলাইন্স সংস্থাটি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সম্ভবত অজ্ঞাত ব্যক্তি ওই কেবিন ক্রুর হোটেলের ঘরে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে। এয়ার ইন্ডিয়া এই ঘটনার তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ‘ লন্ডনে একটি বড় আন্তর্জাতিক চেইন দ্বারা পরিচালিত একটি হোটেলের ঘরে এক মহিলা কেবিন ক্রুর উপর শারীরিক নির্যাতনের ঘটনায় গভীরভাবে মর্মাহত। এই ঘটনায় আমাদের এক ক্রু আক্রান্ত হয়েছেন। স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আইন অনুযায়ী এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পিটিআই-এর রিপোর্টে বলা হয়েছে, এক ‘ভবঘুরে’ ওই হোটেলের সামনে ঘোরাঘুরি করছিল। আচমকাই মহিলা কেবিন ক্রু-র ঘরে প্রবেশ করে সে। সেই সময় ঘুমোচ্ছিলেন মহিলা। ঘুম থেকে উঠে ঘরের মধ্যে হঠাৎ ওই অচেনা ব্যক্তিকে দেখে ঘাবড়ে যান মহিলা। ওই ব্যক্তি মহিলাকে শারীরিক ভাবে হেনস্থা করে বলে অভিযোগ। মেঝেতে হিড়হিড় করে টানা হেঁচড়া করার আগে কাপড়ের হ্যাঙার দিয়ে আঘাত করে তাঁর উপর। ব্যক্তির হাত থেকে বাঁচার জন্য পরিত্রাহি চিৎকার করে সাহায্য চাইতে থাকেন মহিলা। কোনও ভাবে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলেও ব্যক্তির বাধার মুখে পড়ে বেরোতে পারেননি। শেষ পর্যন্ত মহিলার কান্নার আওয়াজ শুনে তাঁর ঘরের সামনে ছুটে যান সহকর্মীরা। সহকর্মীরাই তাঁকে উদ্ধার করেন। নির্যাতিতা ওই মহিলা কেবিন ক্রুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।