নির্যাতিতার পরিচয় প্রকাশের অভিযোগে তলব লকেটকে, নোটিশ দেওয়া হলো ২ চিকিৎসককেও

আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসকের উপর হওয়া নৃশংস ঘটনার তদন্তে নতুন মোড় নিয়েছে। কলকাতা পুলিশ চিকিৎসক কুণাল সরকার, চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তলব করেছে।
নির্যাতিতার পরিচয় প্রকাশ এবং মামলা সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত এবং পোস্টমর্টেম রিপোর্ট সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য দুই চিকিৎসককে এবং নির্যাতিতার পরিচয় প্রকাশের জন্য লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে।
তলবের বিষয়ে কুণাল সরকার জানিয়েছেন, তিনি বর্তমানে কলকাতার বাইরে রয়েছেন এবং নোটিশ পেয়ে সোমবার সকালে ফিরবেন। তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। সুবর্ণ গোস্বামীও একই অবস্থানে রয়েছেন। অন্যদিকে, লকেট চট্টোপাধ্যায় দাবি করেছেন যে তিনি এখনও পর্যন্ত কোনো নোটিশ পাননি।
এদিকে, আরজি কর হাসপাতালের আশপাশে বেআইনি জমায়েত নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। সাত দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের এই পদক্ষেপের উদ্দেশ্য হল এই ঘটনা নিয়ে আরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না দেওয়া।