“হিন্দু-সংখ্যালঘুদের ওপর আক্রমণে উদ্বিগ্ন ভারত”-মোদীর স্বাধীনতা দিবসে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণে উঠে এল বাংলাদেশ প্রসঙ্গ।

বাংলাদেশে যে অস্থিরতা চলছে সেই কথাও উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে। তাঁর আশা, বাংলাদেশে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে। সেখানেও দ্রুত শান্তি এবং সুখ ফিরে আসবে।

সেই সঙ্গে তিনি বলেন, ‘প্রতিবেশি দেশ হিসেবে আমরা বুঝতে পারছি বাংলাদেশে কী হচ্ছে। সেখানের পরিস্থিতি নিয়ে আমিও উদ্বিগ্ন। দেশের ১৪০ কোটি মানুষ চাইছেন বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুরা নিরাপদ থাকুক। আমরা চাই আমাদের প্রতিবেশী দেশগুলি শান্তি এবং সুখের পথে চলুক।’

তিনি বলেন, ‘আমরা শান্তিতে থাকার এবং তা প্রতিষ্ঠা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

“বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা এখন মাত্র ৮%। শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হিন্দুদের ওপর নির্যাতন ও হামলার ঘটনা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে স্থানীয় হিন্দুদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, হিন্দুরাও বাংলাদেশের নাগরিক এবং তাদের সমান অধিকার রয়েছে। ইউনূস সকল ধর্মের মানুষকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। তবে, হিন্দু সম্প্রদায়ের মানুষ এখনও উদ্বিগ্ন।”