হিন্ডেনবার্গ-খোঁচায় প্রভাব শুরু, আদানিদের স্টকে লোকসান ৫৩০০০ কোটি !

১২ অগস্ট, সোমবার আদানি গোষ্ঠীর শেয়ারে ব্যাপক ধস দেখা গেছে। মার্কেট খোলার সঙ্গে সঙ্গে আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম দ্রুত পড়তে শুরু করে। ফলে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন।
আদানি পাওয়ার, আদানি উইলমার, আদানি এন্টারপ্রাইজ, আদানি টোটাল গ্যাস, আদানি এনার্জি সলিউশন, আদানি গ্রিন এনার্জি, এসিসি এবং অম্বুজা সিমেন্টের শেয়ারে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। ফলে আদানি গোষ্ঠীর মোট মার্কেট ক্যাপ কমে গেছে।
সকাল সাড়ে ১০টার মধ্যে আদানি পাওয়ার ও আদানি উইলমারের শেয়ার পড়েছে যথাক্রমে ৯ ও ৬ শতাংশ। অন্যদিকে, ৩.১৭ শতাংশ ও ৭ শতাংশ পতন দেখা গিয়েছে আদানি এন্টারপ্রাইজ ও আদানি টোটাল গ্যাসের স্টকে।
আদানিদের গায়ে ফের হিন্ডেনবার্গ-কাঁটা! সোমে কোন কোন স্টক নজর?
এছাড়া এই তালিকায় নাম রয়েছে আদানি এনার্জি সলিউশন, আদানি গ্রিন এনার্জি, এসিসি ও অম্বুজা সিমেন্টের। এই ৪টি কোম্পানির শেয়ার পড়েছে যথাক্রমে ৪, ৩.৬১, ১.৮৩ ও ১.৫৪ শতাংশ। সব মিলিয়ে আদানিদের মোট ১০টি সংস্থার সম্মিলিতভাবে মার্কেট ক্যাপ নেমে এসেছে ১৬.৭ লক্ষ কোটি টাকায়।
এই ধসের মূল কারণ হিসাবে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টকে দায়ী করা হচ্ছে। এই রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল।
এই ধসের ফলে সেনসেক্স এবং নিফটি সূচকও কমেছে। বিনিয়োগকারীদের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।