অলিম্পিকে সোনা জিতে প্রতিযোগী পেলেন বিয়ের প্রস্তাব

প্রেমের শহর প্যারিস। যুগ যুগ ধরে ভালোবাসার এই শহরে যোজন যোজন প্রেমিক যুগল ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছেন। শুক্রবারও সেই শহরেই প্রেম নিবেদনের রোমাঞ্চকর দৃশ্যের দেখা মিললো। ভালোবাসার মানুষকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসলেন প্রেমিক।
এই ঘটনাটা ঘটেছেও চরম একটি মুহূর্তে। সেটি হয়তো দীর্ঘ প্রতিক্ষারই ফল। প্যারিস অলিম্পিকে নারীদের যৌথ ব্যাডমিন্টনে সবেমাত্র সোনা জিতে গলায় পদক ঝুলিয়েছেন চীনের হুয়াং ইয়া কিয়ং। এরপরই তাকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক লিউ ইউচেন। হাঁটু গেড়ে প্রেমিকাকে ডায়মন্ডের আংকি পরিয়ে দিয়েছেন তিনি।
অলিম্পিকের আসরে এখন পর্যন্ত ব্যাডমিন্টন থেকে একটি পদকই জিতেছে চীন। সেটি এসেছে হুয়াং ইয়া কিয়ংয়ের হাত ধরেই। প্রেমিক ইউচেনও গিয়েছিলেন পদক জিততে। কিন্তু পুরুষদের ডাবলস ব্যাডমিন্টনে তিনি জিততে পারেননি।
পদক জিততে না পারলেও সুনিপুণ কৌশলে প্রোপোজাল দিয়ে প্রেমিকার মন জিতেছেন তিনি। যে কারণে প্রস্তাব পেয়ে রাজি হতে দেরি করেননি প্রেমিকা হুয়াং ইয়া কিয়ং।
এ নিয়ে হুয়াং ইয়া কিয়ং বলেন, ‘আমি প্রচণ্ড খুশি। নিজের আবেগ ভাষায় প্রকাশ করতে পারছি না। সোনা পাওয়াটা আমার পরিশ্রমের ফসল। আর বিয়ের প্রস্তাব পেয়ে আমি অবাক। ভাবিনি এমনটা হবে। কীভাবে উদযাপন করব এখনও ভাবিনি।’