পরীক্ষাকে কেন্দ্র করে অশান্তি-মারামারি, ধুন্ধুমার কাণ্ড বাধলো কলেজের পরীক্ষা ঘিরে

মহিষাদল রাজ কলেজে আজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরীক্ষার গার্ড নিয়ে ইউনিয়নের সদস্যদের সাথে তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়ে একদল পরীক্ষার্থী। কলেজ চত্বরে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়।
হলদিয়া ল কলেজের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সিট ছিল মহিষাদল রাজ কলেজে।পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরু হওয়ার পর দেখা যায়, সেখানে ইউনিয়নের সদস্যরা পরীক্ষার গার্ড দিচ্ছেন।এমনকি, তাদের পাস করিয়ে দেওয়ার জন্য টাকাও চাওয়া হচ্ছে বলে অভিযোগ।এই একাধিক অভিযোগকে কেন্দ্র করে কলেজে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
পরীক্ষার্থী এবং ইউনিয়ন সদস্যদের মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয়।গুরুতরভাবে আহত হন বেশ কয়েকজন পরীক্ষার্থী।ক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অধ্যক্ষের ঘরের দরজাও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।খবর দেওয়া হয় মহিষাদল থানায়।
মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গেলেও পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।পরীক্ষার্থীদের অভিযোগ, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরিবর্তে তাদের উপর লাঠিচার্জ করে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ল কলেজের পরীক্ষার্থীরা দ্বিতীয়ার্ধের পরীক্ষা বয়কট করে বিক্ষোভ দেখাতে থাকেন।কলেজ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।