“ওভার কনফিডেন্সেই ভরাডুবি!”-লোকসভার ফলাফল নিয়ে স্বীকারোক্তি যোগী আদিত্যনাথের

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ‘অতি আত্মবিশ্বাসের’ মূল্য দিতে হয়েছে বিজেপিকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার দলের কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ বৈঠকে বলেছেন, লোকসভা নির্বাচনের পরে অনুষ্ঠিত উত্তরপ্রদেশ বিজেপির ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি আক্ষেপের সুরে বলেন, ‘ভোটের আগে যে বিরোধীরা কার্যত হেরে বসেছিল, ফল বেরোনোর পর তারা নেচে বেড়াচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা উত্তর প্রদেশে ধারাবাহিকভাবে বিরোধীদের চাপে রাখতে পেরেছিলাম। ২০১৪ সালের নির্বাচনে বিজেপি যত শতাংশ ভোট পেয়েছিল এবারের ভোটেও সেই একই হার আছে। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই আমাদের এই হাল হয়েছে।’

শুধুতাই নয়, এবারের নির্বাচনে ইন্ডিয়া জোটের কারণে বিরোধী ভোট ভাগ হয়নি, এদিনের বৈঠকে সেকথাও মনে করিয়ে দেন আদিত্যনাথ।

প্রসঙ্গত, লোকসভা ভোটে উত্তর প্রদেশে ব্যাপক সাফল্যের আশায় বুক বেঁধেছিল বিজেপি। ৪০০ পারের স্লোগানের সঙ্গে ছিল রামমন্দিরের মতো ইস্যুও। তা নিয়ে প্রচারের কোনও কমতিও ছিল না। কিন্তু তারপরেও উত্তর প্রদেশে স্বপ্ন পূরণ হয়নি বিজেপির। মোট ৮০ টি আসনের মধ্যে জয় এসেছে মাত্র ৩৩টি আসনে।